প্রগতি ত্রিপুরা, ১২ নভেম্বর, ২০২৬: আসন্ন পুরনিগম নির্বাচনকে সামনে রেখে আগরতলায় নির্বাচনী প্রচার জোরদার করেছে ভারতীয় জনতা পার্টি। এরই অঙ্গ হিসেবে শান্তিপাড়া এলাকায় বিজেপি প্রার্থী রত্না দত্তের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে অংশ নিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন ১৬ নম্বর বুথসহ শান্তিপাড়ার বিভিন্ন এলাকায় প্রচার চালান মুখ্যমন্ত্রী। প্রচার চলাকালে সাধারণ মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব।
প্রচারে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এলাকার প্রতিটি পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচিতি ও নিবিড় সম্পর্ক রয়েছে। সাধারণ মানুষ রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন এবং প্রার্থীর কাজের মূল্যায়ন করছেন। পাশাপাশি ভারতীয় জনতা পার্টির নীতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনকল্যাণমূলক কর্মসূচির প্রতি মানুষের আস্থা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রীর কথায়, পুরনিগম নির্বাচনে এলাকার মৌলিক সমস্যাগুলির সমাধানই সর্বাধিক গুরুত্ব পাওয়া উচিত। পানীয় জলের সুষ্ঠু সরবরাহ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং পুকুর ও হ্রদগুলির পুনরুদ্ধার ও সৌন্দর্যায়ন শহরবাসীর অন্যতম প্রধান প্রত্যাশা। স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আগরতলা শহরে হাঁটার পথ নির্মাণ, আলোকসজ্জা এবং বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের কাজ ইতিমধ্যেই হয়েছে। এর সুফল সাধারণ মানুষ পাচ্ছেন বলেও দাবি করেন তিনি।
শহরের বৈদ্যুতিক তারের জঞ্জাল দূর করতে বিদ্যুতের তার ভূগর্ভস্থ করার কাজও হাতে নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। আগামী দিনে আগরতলাসহ রাজ্যের অন্যান্য নগর এলাকাকে দেশের উন্নত শহরগুলির সমকক্ষ করে গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য বলে তিনি জানান।
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ বিজেপির পক্ষেই রায় দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।








