বিধায়কের বিতর্কিত মন্তব্য ঘিরে তীব্র প্রতিবাদ TWF-এর, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রগতি ত্রিপুরা, ১২ নভেম্বর, ২০২৬: ত্রিপুরার এক বিধায়কের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে তিপ্রাহাথা উইমেনস ফেডারেশন (TWF)-এর পক্ষ থেকে এক জরুরি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সংশ্লিষ্ট বিধায়কের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংগঠনের অভিযোগ, সম্প্রতি সোনামুড়ার একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তফাজ্জল হোসেন বাবু জনজাতি সমাজ তথা তিপ্রাসাদের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে হেয় প্রতিপন্ন করে আপত্তিকর মন্তব্য করেছেন। TWF-এর নেত্রীবৃন্দের বক্তব্য, ত্রিপুরার জনজাতি সমাজ দীর্ঘদিন ধরে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয় বজায় রেখে বসবাস করে আসছে।

এমন পরিস্থিতিতে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। তাঁদের মতে, কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর সংস্কৃতি ও পরিচয়কে আঘাত করে এমন বক্তব্য সামাজিক সম্প্রীতির পরিপন্থী।সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভানেত্রী স্বপ্না দেববর্মা, সহ-সভানেত্রী ভুটলক্ষী দেববর্মা, এমডিসি তথা সাধারণ সম্পাদক গীতা দেববর্মা, আতি জমাতিয়া ও স্বপ্না তিরাং

-সহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা সম্মিলিতভাবে এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, অতীতে ভিনরাজ্য থেকে ত্রিপুরার সংস্কৃতি ও জনজাতি সমাজকে নিয়ে কটূক্তির ঘটনায় পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল। সেক্ষেত্রে শাসক জোটের বিধায়ক হলেও একই ধরনের আপত্তিকর মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

সংগঠনের নেত্রীবৃন্দ অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে সংশ্লিষ্ট বিধায়কের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাঁর বিধায়ক পদ খারিজেরও জোরালো দাবি জানান।

ওইTWF-এর পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, জনজাতি সমাজের কৃষ্টি, সংস্কৃতি ও আত্মপরিচয়ের মর্যাদা রক্ষার প্রশ্নে কোনও ধরনের আপস করা হবে না।

 

Leave a Comment