প্রগতি ত্রিপুরা, ১২ নভেম্বর, ২০২৬: বৃহস্পতিবার সকালে বিশালগড়-জাঙ্গালিয়া সড়কে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন জাহাঙ্গীর হোসেন নামে এক পথচারী। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। আহত জাহাঙ্গীর হোসেনের বাড়ি কদমতলী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। পরবর্তী সময়ে পথচলতি মানুষ তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ও আশঙ্কাজনক পরিস্থিতি বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন। জানা গেছে, দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেনের মাথায় গুরুতর আঘাত লেগেছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ মহকুমা হাসপাতালে পৌঁছায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
উল্লেখ্য, বিশালগড় ও পার্শ্ববর্তী এলাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক পথ দুর্ঘটনার ঘটনা সামনে আসায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বেপরোয়া গাড়ি চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।








