প্রগতি ত্রিপুরা, ১২ নভেম্বর, ২০২৬: শান্তিরবাজার প্রতিনিধি: সাতসকালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শান্তিরবাজার ব্লক সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। তবে সৌভাগ্যবশত দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
ঘটনার বিবরণে জানা যায়, TR08C0685 নম্বরের একটি ইকো গাড়ি শান্তিরবাজার থেকে বড়পাথরির উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা TR01BJ0326 নম্বরের একটি প্রাইভেট গাড়ির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেট গাড়িটি বাড়ি থেকে বের হয়ে শান্তিরবাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি শান্তিরবাজারের মাছের আড়তদার রাকেশের বলে জানা যায়। দুর্ঘটনার সময় তাঁর বড় ছেলে গাড়িটি চালিয়ে বাজারের দিকে আসছিলেন।
সংঘর্ষের ফলে দুটি গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার থানার পুলিশ। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখার পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।








