ধারাসিভ, ৯ নভেম্বর : মহারাষ্ট্রের ধারাসিভ জেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয় সদস্যের করুণ মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে ধারাসিভ গ্রামীণ থানার অন্তর্ভুক্ত ইয়েদশি গ্রামে একটি মুদির দোকান ও তার ওপরের দোতলা বসতবাড়িতে বিধ্বংসী আগুন লেগে এই বিপত্তি ঘটে। দোকানে রাখা বিপুল পরিমাণ প্লাস্টিক ও তেলের ক্যানে আগুন লেগে যাওয়ায় মুহূর্তের মধ্যে পুরো বাড়িকে গ্রাস করে তীব্র আগুনের শিখা।
পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সোমবার ভোররাত প্রায় আড়াইটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। সেই সময় ওপরের আবাসনে পরিবারের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। নিচতলার মুদির দোকানে প্রচুর ভোজ্য তেল ও প্লাস্টিকের সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত বিধ্বংসী আকার ধারণ করে ওপরের তলায় ছড়িয়ে পড়ে।
ধারাসিভের পুলিশ সুপার (এসপি) ঋতু খোকার জানান, অগ্নিকাণ্ডে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চারজন এবং আগুন থেকে বাঁচার চেষ্টায় ঝলসে দু’জনের মৃত্যু হয়েছে। পরিবারের মাত্র এক যুবক জীবিত অবস্থায় বেঁচে ফিরেছেন এবং তিনি আপাতত স্থিতিশীল। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হলেও পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।








