আন্ধেরিতে বহুতলের ১৭ তলায় ভয়াবহ আগুন, ধোঁয়ায় দম আটকে একজনের মৃত্যু

মুম্বই (মহারাষ্ট্র), ৯ নভেম্বর : বাণিজ্যনগরী মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের লোখান্ডওয়ালা এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ৩২ তলা ওই বহুতলের ১৭ তলায় আগুন ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় বিষাক্ত ধোঁয়ায় দম আটকে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রবিবার
বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি) এবং দমকল সূত্রে জানা গেছে, আন্ধেরি পশ্চিমের লোখান্ডওয়ালা এলাকার ৩২ তলা আবাসিক ভবনের ১৭ তলার একটি ফ্ল্যাটে আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় সংলগ্ন তলগুলি। ঘটনার খবর পাওয়া মাত্রই দমকলের ইঞ্জিন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ভবনের অন্যান্য বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্ল্যাটের ভেতরে থাকা এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিএমসি জানিয়েছে, আহত ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত ধোঁয়ায় দম আটকে (সাফোকেশন) যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে। ঠিক কী কারণে আগুন লেগেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।

Leave a Comment