সরকারি আশাকর্মী হওয়ায় বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিরোধীদের

প্রগতি ত্রিপুরা, ৭ নভেম্বর, ২০২৬: আসন্ন সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১২ নম্বর ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থী মনোয়ারা বেগমের প্রার্থীপদ বাতিলের দাবিতে সরব হয়েছে বিরোধী দলগুলি। সিপিআইএম, কংগ্রেস ও তিপ্রা মথার পক্ষ থেকে যৌথভাবে সোনামুড়া মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছে লিখিত আপত্তি জানানো হয়েছে।

বিরোধী দলগুলির অভিযোগ, বিজেপি মনোনীত প্রার্থী মনোয়ারা বেগম পেশায় একজন সরকারি আশাকর্মী। তিনি সরকারি ব্যবস্থার অধীনে নিয়মিত আর্থিক সুযোগ-সুবিধা ও ভাতা গ্রহণ করেন। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে তাঁর প্রার্থীপদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীদের দাবি, নির্বাচন কমিশনের নির্দেশিকা ও প্রযোজ্য আইন অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হোক।

এছাড়াও বিরোধীদের অভিযোগ, মনোয়ারা বেগমের কর্মক্ষেত্র তথা দাপ্তরিক পোস্টিং যে ওয়ার্ডে, সেই ১২ নম্বর ওয়ার্ড থেকেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর ফলে নিজের কর্মক্ষেত্রের সুযোগকে কাজে লাগিয়ে ভোটারদের প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী নেতৃত্ব।

এই বিষয়গুলিকে সামনে রেখেই তিন বিরোধী দলের প্রতিনিধিরা রিটার্নিং অফিসারের কাছে তাঁদের লিখিত আপত্তি জমা দেন। বিরোধী নেতৃত্বের বক্তব্য, মনোনয়নপত্রের স্ক্রুটিনির সময় সমস্ত আইনি দিক বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এদিকে, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। বিরোধীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন আধিকারিকরা কী সিদ্ধান্ত গ্রহণ করেন, তা নিয়েই তৈরি হয়েছে রাজনৈতিক কৌতূহল। তবে মনোয়ারা বেগমের প্রার্থীপদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও প্রশাসনের পক্ষ থেকেই আসার অপেক্ষায় রয়েছে

J।

 

Leave a Comment