কলকাতা, ৬ নভেম্বর (হি.স.): বাজির রোশনাই, দীপাবলির আনন্দের পাশাপাশি পরিবেশ দূষণ ও অবলা প্রাণীদের যন্ত্রণার দিকটিও তুলে ধরতে অভিনব উদ্যোগ নিয়েছে টালিগঞ্জ ছাত্র সংঘ। ২০২৬ সালের কালীপুজোয় ক্লাবের ৬৪তম শ্যামাপুজোর ভাবনা ‘বাজিতেই বাজিমাত’। এই বিশেষ থিমের পরিকল্পনায় রয়েছেন দীপাঞ্জন দে।
কালীপুজো মানেই আলোর উৎসব এবং আতসবাজির ঝলকানি। কিন্তু সেই আনন্দের আড়ালে পরিবেশের ক্ষতি, শব্দদূষণ এবং পশুপাখিদের অসহনীয় যন্ত্রণার বিষয়টি অনেক সময় আড়া থেকে যায়। সেই বাস্তব ছবিই মণ্ডপসজ্জা ও থিমের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চাইছে পুজো উদ্যোক্তারা।
ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবারের থিমে আতসবাজির ইতিহাস থেকে শুরু করে তার উৎপাদন প্রক্রিয়া, বাজি তৈরির সঙ্গে যুক্ত শ্রমিকদের জীবনযাপন ও তাঁদের সংগ্রামের কাহিনি তুলে ধরা হবে। পাশাপাশি পরিবেশবান্ধব সবুজ বাজির উত্থান এবং তার গুরুত্বও বিশেষভাবে ফুটিয়ে তোলা হবে।
বিশেষ করে বাজি শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের জীবনসংগ্রামকে এবারের ভাবনায় বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। উৎসবের আনন্দের পাশাপাশি পরিবেশ ও প্রাণীদের প্রতি মানুষের দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়াই টালিগঞ্জ ছাত্র সংঘের এই অভিনব উদ্যোগের মূল লক্ষ্য।








