হুগলি, ৭ নভেম্বর :
মায়ের পুজো করার ইচ্ছা ছিল প্রবল। কিন্তু তখন সে নিতান্তই ছোট। পড়ে পঞ্চম শ্রেণিতে। নিজের কাছে পুজো করার মতো টাকা নেই। শেষ পর্যন্ত মায়ের পুজোর জন্য বাড়ি থেকে মাত্র ৬ টাকা চুরি করে হাজির হয় এক মৃৎশিল্পীর কাছে। সেই সামান্য টাকা দিয়েই তৈরি করায় মা কালীর প্রতিমা। এরপর প্রতিমা বাড়িতে এনে শুরু করে পুজো। আর সেই ছোট্ট ছেলের হাত ধরেই সূচনা হয় এক পারিবারিক কালীপুজোর। দেখতে দেখতে যা আজ প্রায় ৫৫ থেকে ৫৮ বছরের ঐতিহ্যে পরিণত হয়েছে।
হুগলি জেলার গোঘাটের বিজলকোনায় সুমেরু ঘোষের বড় ছেলে জয়দেব ঘোষের হাত ধরে শুরু হয় এই পুজো। স্থানীয় মানুষের কাছে এই দেবী পরিচিত ‘মেয়ে কালী’ নামে। বছরের পর বছর ধরে ঘোষ পরিবারের এই পুজোকে ঘিরে তৈরি হয়েছে নানা স্মৃতি, বিশ্বাস এবং অজানা কাহিনি।
পুজোর সূচনালগ্নেও রয়েছে এক বিশেষ ঘটনা। ঘোষ পরিবারের পাশেই থাকতেন খনা ঠাকুর নামে এক তান্ত্রিক। ছোট্ট জয়দেব তাঁকে পুজো করার ইচ্ছার কথা জানালে তিনি মাত্র একটি বেলপাতা দিয়েই প্রথমবার দেবীর আরাধনা করেন। কিন্তু শিশুমনে সেই পুজো মনঃপূত হয়নি জয়দেবের। তাঁর মনে হয়েছিল, মায়ের পুজো আরও জাঁকজমক করে হওয়া উচিত। তাই অন্য পুরোহিত ডেকে পুনরায় পুজো করার উদ্যোগ নেন তিনি। তবে তান্ত্রিক তাঁকে সতর্ক করে জানান, দ্বিতীয়বার পুজো করলে যিনি পুজো করবেন, তাঁর মুখ দিয়ে রক্ত উঠবে। সেই ঘটনার পর অবশ্য পরের বছর থেকে সেনাই গ্রামের বংশী ভট্টাচার্য নামে এক পুরোহিতকে দিয়ে পুজো শুরু হয়। পরবর্তীতে খাটুল গ্রামের চৌধুরী পরিবারের পুরোহিত নিমাই চৌধুরী এই পুজোর দায়িত্ব সামলান।
সময়ের সঙ্গে সঙ্গে এই পুজোকে ঘিরে ঘোষ পরিবারের অভিজ্ঞতার ঝুলিতে জমা হয়েছে নানা ঘটনা। পরিবারের দাবি, জয়দেব ঘোষের বিয়ের কলরাত্রির দিন তাঁর স্ত্রী কৃষ্ণা দেবী স্বপ্নে দেখেছিলেন, তাঁদের বাড়িতে মা কালীর পুজো হচ্ছে। আবার একবার হাওড়া থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যাবেলায় সুমেরু ঘোষ নিজের বড় ছেলের স্ত্রীকে মা কালীর রূপে দেখেছিলেন বলেও পরিবারের সদস্যরা জানান।
শুধু স্বপ্ন কিংবা দর্শনের অভিজ্ঞতাই নয়, পুজোর সময় দেবীর গয়না ও পুজোর বিভিন্ন উপকরণ হঠাৎ হারিয়ে যাওয়া এবং পরে আবার খুঁজে পাওয়ার মতো ঘটনাও এই পারিবারিক পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে। পরিবারের কাছে এই ঘটনাগুলি আজও রহস্যময় স্মৃতি হয়ে রয়েছে।
বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে পুজোর সূচনাকারী জয়দেব ঘোষের পক্ষে বিস্তারিত কথা বলা সম্ভব নয়। তাই তাঁর অনুরোধে পরিবারের পুজোর ইতিহাস, নানা অভিজ্ঞতা ও স্মৃতির কথা তুলে ধরেছেন তাঁর স্ত্রী কৃষ্ণা ঘোষ।
মাত্র ৬ টাকা দিয়ে যে পুজোর সূচনা হয়েছিল, আজ তা প্রায় ছয় দশকের পারিবারিক ঐতিহ্য। ছোট্ট জয়দেবের সেই শৈশবের ইচ্ছা এখন পরিবারের এক আবেগের জায়গা। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে চলে আসছে গোঘাটের বিজলকোনার এই ‘মেয়ে কালী’র পুজো। সেই পুজোর নেপথ্যে লুকিয়ে থাকা নানা অজানা কাহিনি এবার শোনা যাবে কৃষ্ণা ঘোষের মুখ থেকেই।








