অনলাইন ডেস্ক, ০৫ নভেম্বর, ২০২৬: নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরুর মাত্র ৩০ মিনিট আগে কনসার্ট বাতিল করল জনপ্রিয় পপ গার্ল গ্রুপ ‘কাটসাই’ (Katseye)। মঙ্গলবার রাতে আমেরিকার ডেট্রয়েটে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রিয় শিল্পীদের অনুষ্ঠান দেখতে এসে হতাশ হয়ে পড়েন হাজার হাজার দর্শক। অনেক শিশু ভক্তকে কাঁদতেও দেখা যায়। বিশেষ করে দূরদূরান্ত থেকে হাজার হাজার ডলার খরচ করে আসা অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ড্যানিয়েলা আভানজিনি, লারা রাজ, জং ইউনচে, মানন ব্যানারম্যান, মেগান স্কিয়েনডিয়েল এবং সোফিয়া লাফোর্তেজাকে নিয়ে গঠিত এই পপ গ্রুপের ডেট্রয়েটের অনুষ্ঠানটি সম্পূর্ণ বিক্রি হয়ে গিয়েছিল। মঙ্গলবার লিটল সিজারস অ্যারেনায় নির্ধারিত সময়ের আগেই ভিড় জমিয়েছিলেন দর্শকরা। রাত ৮টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও সন্ধ্যা সাড়ে ৭টায় ভেন্যুর পর্দায় কনসার্ট স্থগিতের ঘোষণা ভেসে ওঠে।
ঘোষণায় জানানো হয়, অসুস্থতার কারণে ওই দিনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে এবং পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে। পরে গ্রুপের পক্ষ থেকে স্পষ্ট করা হয়, সদস্য মেগান স্কিয়েনডিয়েল অসুস্থ হয়ে পড়েছেন এবং সেদিন মঞ্চে অনুষ্ঠান করার মতো অবস্থায় নেই।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইলিনয়ের স্কোকি থেকে আসা জেসিকা লেনহার্ট। দুই মেয়ে, যাদের বয়স ৮ ও ১০ বছর, তাদের নিয়ে তিনি প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা গাড়ি চালিয়ে ডেট্রয়েটে পৌঁছেছিলেন। ভিআইপি টিকিট, যাতায়াত এবং মেয়েদের পোশাকের জন্য তাঁর খরচ হয়েছে প্রায় ৫ হাজার ডলার।
এক সংবাদমাধ্যমকে তিনি জানান, অনুষ্ঠান বাতিলের ঘোষণা একেবারে শেষ মুহূর্তে আসায় তাঁরা হতবাক হয়ে যান। তাঁর মতে, সকাল থেকেই যদি সমস্যা দেখা দিয়ে থাকে, অথবা আগের দিন থেকেই অসুস্থতার বিষয়টি জানা থাকত, তাহলে অন্তত ২৪ ঘণ্টা আগে দর্শকদের জানানো উচিত ছিল। এতে দূর থেকে আসা বহু মানুষ অযথা সময় ও অর্থ খরচের হাত থেকে রেহাই পেতেন।
কনসার্ট বাতিলের ঘোষণায় অ্যারেনার ভিতরে কান্নায় ভেঙে পড়ে বহু শিশু। ১০ বছর বয়সি মেয়েকে নিয়ে অনুষ্ঠানে আসা মেগান শিকোরা জানান, একসঙ্গে বহু শিশুকে কাঁদতে দেখে অত্যন্ত খারাপ লেগেছে তাঁর। অনুষ্ঠান শুরুর এত অল্প সময় আগে কেন বাতিলের ঘোষণা করা হল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, কেউ অসুস্থ হলে অবশ্যই বিশ্রাম নেওয়া উচিত, কিন্তু রাত সাড়ে ৭টার আগে বিষয়টি জানা সম্ভব ছিল না, এমনটা বিশ্বাস করা কঠিন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠান বাতিলের ঘোষণার আগেই গ্রুপের তিন সদস্য আভানজিনি, রাজ এবং জং ইউনচে ভিআইপি দর্শকদের সঙ্গে সাক্ষাৎপর্বে অংশ নিয়েছিলেন। এমনকী প্রাক্-অনুষ্ঠান সাউন্ডচেকের সময় দুটি গানও পরিবেশন করেছিলেন তাঁরা।
পরে ইনস্টাগ্রামে বিবৃতি প্রকাশ করে ভক্তদের কাছে ক্ষমা চায় কাটসাই। বিবৃতিতে জানানো হয়, মেগান অসুস্থ থাকায় তাঁকে পর্যাপ্ত বিশ্রাম ও সুস্থ হয়ে ওঠার সময় দেওয়া প্রয়োজন। যারা দূরদূরান্ত থেকে এসেছেন, আগাম পরিকল্পনা করেছেন এবং অনুষ্ঠানটির জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছেন, তাঁদের হতাশা ও অসুবিধার বিষয়টি গ্রুপের সদস্যরা উপলব্ধি করছেন বলেও জানানো হয়।
উল্লেখ্য, ছয় সদস্যের এই গ্রুপের অভ্যন্তরীণ সদস্য পরিবর্তন নিয়েও সম্প্রতি আলোচনা চলছে। ২০২৪ সালে লস অ্যাঞ্জেলেসে নেটফ্লিক্সের ‘পপস্টার অ্যাকাডেমি: কাটসাই’ অনুষ্ঠানের মাধ্যমে গ্রুপটির আত্মপ্রকাশ ঘটে। গত কয়েক মাস ধরে মানন ব্যানারম্যান ও সোফিয়া লাফোর্তেজা বিরতিতে রয়েছেন।
তবে সদস্যদের এই পরিবর্তনের মধ্যেও আন্তর্জাতিক সংগীতজগতে নিজেদের জনপ্রিয়তা বাড়িয়ে চলেছে কাটসাই। গত সেপ্টেম্বর মাসে ‘স্যাটারডে নাইট লাইভ’-এর মঞ্চে পারফর্ম করেছে গ্রুপটি। চলতি বছর গ্র্যামি পুরস্কারের জন্যও দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে তারা। এর মধ্যে রয়েছে ‘বেস্ট নিউ আর্টিস্ট’ বিভাগও।








