মোহনপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বাস্থ্য শিবির

অনলাইন ডেস্ক, ০৫ নভেম্বর, ২০২৬: জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিশিরঞ্জন নন্দিতা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন জারুলতলী আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্যোগে মোহনপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ৩ নভেম্বর স্বাস্থ্য শিবির করা হয়। গ্রামীণ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। বিশেষ করে বিভিন্ন অসংক্রামক রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা এবং প্রাথমিক স্তরেই রোগ নির্ণয় করা ছিল এই শিবিরের মূল উদ্দেশ্য। এদিনের এই স্বাস্থ্য শিবিরে এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। শিবিরে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের মধ্যে থেকে মোট ২০ জনের রক্তচাপ পরীক্ষা করা হয়।

এর মধ্যে ৪ জনের রক্তচাপের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি বা অনিয়মিত বলে চিহ্নিত করা হয়। রোগীদের উচ্চ রক্তচাপের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় এবং উন্নত ও বিশেষ চিকিৎসার জন্য তাঁদের অবিলম্বে নিশিরঞ্জন নন্দিতা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হয়। রক্তে শর্করার মাত্রা বা মধুমেহ রোগ সম্পর্কে সচেতনতা ও প্রাথমিক পরীক্ষার অংশ হিসেবে মোট ১২ জনের রক্তের শর্করার পরীক্ষা করা হয় এবং তাঁদের রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করে প্রয়োজনীয় খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের পরামর্শ করা হয়। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন এমপিডব্লিউ শান্তনু দাস এবং এএনএম রূপা সূত্রধর। তাঁরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা সম্পর্কে তাঁদের পরামর্শ দেন। ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছেন।

Leave a Comment