প্রগতি ত্রিপুরা ৩০ অক্টোবর, ২০২৬: অপেক্ষার অবসান ঘটিয়ে উন্নয়নের বার্তা নিয়ে শুক্রবার বিলোনিয়া সফর করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং নতুন উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে তাঁর এই সফর। এদিন সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গী ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, মাইলাফ্রু মগ, স্বপ্না মজুমদার সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা, সচিব মিলিন্দ রামটেকে, কিরণ গিত্যে, জেলা সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক ও সমাহর্তা মোহাম্মদ সাজাদ পি, পুর পিতা নিখিল চন্দ্র গোপ সহ অন্যান্য আধিকারিকগণ।
সফরের শুরুতেই মুখ্যমন্ত্রী যান বি সি নগর ব্লকের অধীন উত্তর বিলোনিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারের নদী বাঁধ সংলগ্ন মাঠে। ২০২৪ সালের ভয়াবহ বন্যার পর মুহুরী নদীর বাঁধ সংস্কার কোন পর্যায়ে রয়েছে, কতটুকু কাজ হয়েছে আর কতটুকু বাকি – তা স্বচক্ষে পরিদর্শন করেন তিনি।
এরপর বি সি নগর ব্লকের অধীন রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের চিত্র প্রদর্শনীর মাধ্যমে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। সমস্ত বিষয় তাঁর সমীপে তুলে ধরেন জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি। বাঁধ সংস্কার ও প্রদর্শনী মণ্ডপ ঘুরে দেখার পর বেলা সাড়ে বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী পৌঁছান বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে।
সেখান থেকেই তিনি ভার্চুয়ালি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বন্যা থেকে বিলোনিয়া শহরকে রক্ষা করতে মুহুরী নদীর প্রায় ৩.০৫ কিলোমিটার দীর্ঘ বাঁধের উচ্চতা বৃদ্ধি ও প্রশস্তকরণ। সেচ সুবিধা যুক্ত বিভিন্ন প্রকল্প। বিলোনিয়া শহরবাসীর জন্য পানীয় জল সরবরাহের আধুনিক ব্যবস্থা।
বিলোনিয়া বিদ্যাপীঠ জুডো হলের সংস্কার এবং আন্তর্জাতিক স্তরে গোল্ড মেডেলিস্ট অস্মিতা দে-র নামে হলটি উৎসর্গ। বিলোনিয়া পুলিশ লাইন সংলগ্ন ভাস্কর্য ও ফোয়ারা। দ্বিতল মেডিসিন স্টোর।সারাসীমায় খাদ্য প্রক্রিয়াকরণ ইনকিউবেশন সেন্টার। বিলোনিয়া থানার নতুন ভবন নির্মাণ। বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের সাথে ৫০ আসন বিশিষ্ট উপজাতি ছাত্রাবাস নির্মাণ।
বিকেআই স্কুলের দক্ষিণ ও পশ্চিম দিকে সৌন্দর্যবর্ধন, ভেন্ডিং জোন, পার্কিং ও বসার ব্যবস্থা। বিকেআই সিন্থেটিক খেলার মাঠে খোলা মঞ্চ ও ড্রেসিং রুম নির্মাণ। সিএমইউ-র আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য সরকার প্রতিনিয়ত কাজ করে চলছে। আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলাকে কীভাবে আরও উন্নয়নের পথে এগিয়ে নেওয়া যায়, সেই লক্ষ্যে সরকার নতুন নতুন চিন্তাধারা নিয়ে এগোচ্ছে।
সরকারের কাজ হচ্ছে জনগণকে পরিষেবা দেওয়া, সরকার সেই পথেই হাঁটছে।” তিনি আরও বলেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে বিলোনিয়াবাসীর জীবনযাত্রার মান আরও উন্নত হবে। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে বিলোনিয়াজুড়ে ছিল উৎসবের আমেজ।








