পুরভোটের আগে সংগঠন মজবুত করতে বিজেপির সাংগঠনিক সভা তেলিয়ামুড়ায়

প্রগতি ত্রিপুরা, ২৯ অক্টোবর, ২০২৬: আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করতে সাংগঠনিক তৎপরতা শুরু করল বিজেপি। নির্বাচনের আগে বুথস্তর থেকে দলের ভিত মজবুত করা, কর্মীদের সক্রিয়তা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বৃহস্পতিবার ২৮ তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

তেলিয়ামুড়ার নেতাজিনগরস্থিত অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি নেতৃত্ব তাপস মজুমদার, খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস, তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এবং ২৮ তেলিয়ামুড়া বিজেপি মণ্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।

সভায় আসন্ন পুর নির্বাচনকে কেন্দ্র করে দলের সাংগঠনিক প্রস্তুতি, বুথস্তরে কর্মীদের ভূমিকা এবং নির্বাচনী কার্যক্রমকে আরও সুসংগঠিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দলীয় নেতৃত্ব কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।

পুর নির্বাচনকে সামনে রেখে বিজেপির এই সাংগঠনিক তৎপরতা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। নির্বাচনের আগে কর্মীদের সক্রিয়তা বাড়ানো এবং বুথস্তরে সংগঠনের ভিত মজবুত করাই যে দলের অন্যতম লক্ষ্য, এদিনের সভায় তা স্পষ্ট হয়েছে।

Leave a Comment