যুক্তরাজ্যে সর্বনিম্ন মজুরি ৩.৯% বাড়ালেন অর্থমন্ত্রী জন হিলি

আন্তর্জাতিক, ২৮ অক্টোবর, ২০২৬: যুক্তরাজ্যের মূল সর্বনিম্ন মজুরি ৩.৯ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী জন হিলি। বুধবার আইনপ্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

নতুন এই সিদ্ধান্তের ফলে ২১ বছর বা তার বেশি বয়সী কর্মীদের জন্য নির্ধারিত ‘ন্যাশনাল লিভিং ওয়েজ’ বর্তমান ঘণ্টায় ১২.৭১ পাউন্ড থেকে বেড়ে ১৩.২১ পাউন্ড হবে। অন্যদিকে, ১৮ থেকে ২০ বছর বয়সী কর্মীদের জন্য ‘ন্যাশনাল মিনিমাম ওয়েজ’ ঘণ্টায় ১০.৮৫ পাউন্ড থেকে বাড়িয়ে ১১.২৭ পাউন্ড নির্ধারণ করা হয়েছে।

আইনপ্রণেতাদের উদ্দেশে জন হিলি বলেন, “আমাদের সবচেয়ে কম বেতন পাওয়া ২৩ লাখ শ্রমিকের জন্য আমি ন্যাশনাল মিনিমাম ওয়েজ এবং ন্যাশনাল লিভিং ওয়েজ উভয়ই ৩.৯% বৃদ্ধি করছি।”

এর আগে গত এপ্রিলে যুক্তরাজ্যের ‘লো পে কমিশন’ অনুমান করেছিল যে, গড় আয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে ২০২৭ সালে ন্যাশনাল লিভিং ওয়েজ ৩.৭% বাড়িয়ে ঘণ্টায় ১৩.১৮ পাউন্ড করা প্রয়োজন হতে পারে।

উল্লেখ্য, ২০২০ সালের পর থেকে যুক্তরাজ্যে মূল সর্বনিম্ন মজুরি প্রায় ৫০% বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বের উন্নত অর্থনীতিগুলোর মধ্যে গড় উপার্জনের অনুপাতে অন্যতম সর্বোচ্চ। বিগত সরকারগুলোর লক্ষ্য ছিল সর্বনিম্ন মজুরিকে গড় ঘণ্টার আয়ের দুই-তৃতীয়াংশে উন্নীত করা।

তবে খুচরা বিক্রেতা ও আতিথেয়তা খাতের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এই মজুরি বৃদ্ধি এবং অতিরিক্ত সামাজিক নিরাপত্তা অবদান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। যদিও এর ফলে বড় ধরনের কোনো কর্মসংস্থান হ্রাসের স্পষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি।

২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে ১৮-২০ বছর বয়সীদের মজুরি বয়স্ক কর্মীদের তুলনায় বেশ দ্রুত বৃদ্ধি পেয়েছিল। লেবার পার্টি তাদের নির্বাচনে জয়ের আগে এই বয়সভিত্তিক বৈষম্যমূলক মজুরি ব্যবস্থা বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে গত মার্চে লেবার সরকার ‘লো পে কমিশন’-এর কর্মপরিধিতে কিছুটা পরিবর্তন আনে, যাতে ১৮-২০ বছর বয়সীদের জন্য মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করার সুযোগ থাকে।

সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত তিন মাসে যুক্তরাজ্যে বোনাস ব্যতীত গড় সাপ্তাহিক আয় বার্ষিক ৩.৭% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, সেপ্টেম্বরে ভোক্তা মূল্যস্ফীতি ১১ মাসের মধ্যে সর্বোচ্চ ৩.৫%-এ পৌঁছেছে।

Leave a Comment