স্বাস্থ্য পরিকাঠামোয় বড় পদক্ষেপ, ১৮৯ কোটি টাকায় গোমতী জেলা ও ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালের সম্প্রসারণ ও পাবলিক হেলথ ইউনিটের শিলান্যাস মুখ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক, ২৮ অক্টোবর, ২০২৬: রাজ্যবাসীর কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন ও সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে আধুনিক পরিষেবা গড়ে তোলা হচ্ছে। বুধবার উদয়পুরের ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতাল প্রাঙ্গণে তিনটি স্বাস্থ্য পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।

শিলান্যাস হওয়া প্রকল্পগুলির মধ্যে রয়েছে গোমতী জেলা হাসপাতালের সম্প্রসারণ, ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালের সম্প্রসারণ এবং একটি পাবলিক হেলথ ইউনিট নির্মাণ। প্রকল্পগুলির জন্য পৃথকভাবে প্রস্তাবিত ব্যয় যথাক্রমে ১৪২ কোটি, ৪৬ কোটি ৪০ লক্ষ এবং ৬০ লক্ষ টাকা। অনুষ্ঠানের আগে মহকুমা হাসপাতালের সম্প্রসারণের ভূমিপূজাতেও অংশ নেন মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। গত অর্থবছরে প্রায় ১,৫০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে। চলতি অর্থবছরে এখনও পর্যন্ত প্রায় ১,৩০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়েছে। দুর্গাপূজার আগে ও পরে প্রায় ২৬০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের সূচনা করা হয়েছে বলেও জানান তিনি।

উদয়পুরের উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যগত দিক থেকে এই শহরের বিশেষ গুরুত্ব রয়েছে। আগরতলা, ধর্মনগর ও উদয়পুরে স্যাটেলাইট টাউনশিপ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। প্রসাদ প্রকল্পের মাধ্যমে ত্রিপুরেশ্বরী মন্দিরের সৌন্দর্যায়ন করা হয়েছে। পাশাপাশি উদয়পুরে একান্ন শক্তিপীঠের প্রতিরূপ নির্মাণ, তেপানিয়ায় আয়ুর্বেদিক কলেজ চালু এবং শহরের সৌন্দর্যায়নের কাজ চলছে। জনমুখী প্রকল্প ও পর্যটন পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে উদয়পুরকে রাজ্যের অন্যতম সুন্দর শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।

স্বাস্থ্য পরিষেবার অগ্রগতি তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, এমবিবিএস, বিডিএস ও নার্সিং শিক্ষার আসনসংখ্যা বাড়ানো হয়েছে। বিভিন্ন জেলা হাসপাতাল এবং এজিএমসি-তে শয্যাসংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। তাঁর দাবি, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতির ফলে বহিরাজ্যে চিকিৎসার জন্য রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমেছে। উন্নত চক্ষু চিকিৎসার জন্য আগরতলায় আইএলএস হাসপাতালের পাশে আধুনিক চক্ষু হাসপাতাল নির্মাণের কাজও শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা এবং রোগ নির্ণয়ের সুযোগ সম্প্রসারিত করা হচ্ছে। সাধারণ মানুষের অধিকারকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রোগীরা আরও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালের পরিষেবার মানোন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের ফলে রাজ্যের মানুষ উপকৃত হচ্ছেন বলেও তিনি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, জেলাশাসক রিংকু লাথের-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।ক রিংকু লাথের প্রমুখ।

Leave a Comment