আন্তর্জাতিক, ২৪ অক্টোবর, ২০২৬ : শক্তিশালী টাইফুন চাম্পির দাপটে শনিবার তাইওয়ানে এক জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৫২৭ জন। ঝড়ের প্রভাবে বহু গাছ উপড়ে পড়েছে, বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে এবং বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, এক সময় সুপার টাইফুনে পরিণত হওয়া চাম্পি বর্তমানে দুর্বল হয়ে উত্তর দিকে চিনের উপকূলের দিকে এগোচ্ছে। তবে চিনের স্থলভাগে সরাসরি আছড়ে পড়ার সম্ভাবনা কম। তাইওয়ানের কয়েকটি উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারে পৌঁছেছিল।
বিদ্যুৎ সংস্থা তাইপাওয়ার জানিয়েছে, ঝড়ের কারণে ২ লক্ষ ৮৮ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। পরে অধিকাংশ বাড়িতে পরিষেবা পুনরায় চালু করা হয়। শনিবার ২৫৯টি বিমান বাতিল করা হয়েছে। তাইপেই-সহ একাধিক এলাকায় স্কুল ও সরকারি দপ্তর বন্ধ রাখা হয়।
এদিকে, ঝড়ের মোকাবিলায় চিনের ঝেজিয়াং প্রদেশে উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় তাইঝৌ শহরে ৩,৮০০-রও বেশি মাছ ধরার নৌকা বন্দরে ফিরেছে এবং ২,০৮৪ জন দ্বীপ পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ২৫টি সমুদ্রভিত্তিক নির্মাণ প্রকল্প ও ১৮টি যাত্রীবাহী ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে।








