প্রগতি ত্রিপুরা, ১২ অক্টোবর, ২০২৬: সৃজনশীলতার অনন্য নিদর্শন গড়ে তুলে নজর কাড়লেন জিবির পূর্ব জয়নগরের বাসিন্দা শিল্পী বিজয় দেবনাথ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মাটি নয়, প্রায় ৭০০টি দেশলাই কাঠি দিয়ে দুর্গাপ্রতিমা তৈরি করেছেন তিনি। তাঁর এই ব্যতিক্রমী শিল্পকর্ম ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
শিল্পী বিজয় দেবনাথ জানান, প্রতিমাটি তৈরি করতে তাঁর সময় লেগেছে প্রায় পাঁচ দিন। প্রতিটি দেশলাই কাঠি যত্ন সহকারে জুড়ে প্রতিমার কাঠামো ও বিভিন্ন অংশ ফুটিয়ে তুলেছেন তিনি। কাজটিকে আরও আকর্ষণীয় করে তুলতে কয়েকটি অংশে ব্যবহার করেছেন আইসক্রিম স্টিক ও কাগজ।
বিজয় দেবনাথের কাছে শিল্পচর্চা নতুন কিছু নয়। এর আগেও দুর্গা ও কালীসহ বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি এবং নানা ধরনের প্রদর্শনযোগ্য শিল্পকর্ম তৈরি করেছেন তিনি। প্রতি বছরই পুজোকে সামনে রেখে নতুন ভাবনায় কিছু তৈরি করার চেষ্টা করেন এই শিল্পী।
তাঁর হাতে তৈরি দেশলাই কাঠির দুর্গাপ্রতিমা প্রমাণ করে, সামান্য উপকরণ দিয়েও নিষ্ঠা, ধৈর্য ও কল্পনাশক্তির সাহায্যে ব্যতিক্রমী শিল্প সৃষ্টি সম্ভব। শিল্পীর এই উদ্যোগে খুশি এলাকার শিল্পপ্রেমী ও বাসিন্দারা।








