রাজ্য সরকার নতুন করে গোমতী জলবিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন করার উদ্যোগ নিয়েছে: বিদ্যুৎমন্ত্রী

প্রগতি ত্রিপুরা, ০৯ অক্টোবর, ২০২৬: ২০২৪ সালের বন্যায় গোমতী জলবিদ্যুৎ প্রকল্পটি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিদ্যুৎ উৎপাদন শূন্যের কোঠায় নেমে এসেছিল। রাজ্য সরকার আবার নতুন করে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করার উদ্যোগ নিয়েছে। আগামীদিনে এই প্রকল্প থেকে ১২ থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকালে তীর্থমুখে ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেডের উদ্যোগে এবং ন্যাশনাল ডেম সেফটি অথরিটির কারিগরি সহায়তায় ডেম সেফটি বিষয়ক একদিনের সচেতনতামূলক অনুষ্ঠানের উদ্বোধন করে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। তিনি বলেন, ত্রিপুরার একমাত্র জলবিদ্যুৎ প্রকল্পটি আজ থেকে ৫৪ বছর আগে চালু হয়েছিল।

গোমতী বাঁধ ত্রিপুরার অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য অবদান রেখেছে। জলসেচ, পানীয়জল, নৌ পরিবহণ, পর্যটন শিল্পের বিকাশে গোমতী বাঁধের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, রাজ্য সরকার রাজ্যে আরও ছোট ছোট জলবিদ্যুৎ প্রকল্প এবং সৌরবিদ্যুৎ উৎপাদন করার উদ্যোগ নেবে। তিনি বলেন, নদীর অববাহিকায় বসবাস করা মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য নদী বাঁধের সুরক্ষা একান্ত প্রয়োজন।

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সচেতনতামূলক নাটক উপস্থাপন করার পাশাপাশি ঐতিহ্যবাহী হজাগিরি নৃত্য এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বিদ্যুৎমন্ত্রী গোমতী জলপ্রপাত ও গোমতী বাঁধ ঘুরে দেখেন এবং গোমতী বাঁধের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

Leave a Comment