প্রগতি ত্রিপুরা, ০৬ অক্টোবর, ২০২৬: মহিলাদের ক্ষমতায়ন, স্বনির্ভরতা ও অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মঙ্গলপাড়ার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ৮ নম্বর টাউন বড়দোয়ালি বিজেপি মণ্ডল ও মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত ‘মাতৃ বন্দনা’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই বার্তা দেন।
মুখ্যমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মহিলা। অথচ দীর্ঘদিন ধরে মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়টি প্রত্যাশিত গুরুত্ব পায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার মহিলাদের ক্ষমতায়ন, স্বনির্ভরতা এবং তাঁদের অধিকার প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ডাঃ সাহা বলেন, মহিলাদের উন্নয়নকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক উদ্যোগ রয়েছে। আগামী দিনে এই উদ্যোগগুলি আরও কার্যকরভাবে বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সমাজ ও দেশের সার্বিক উন্নয়নে মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমেই শক্তিশালী, স্বনির্ভর ও আত্মনির্ভর সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নম্বর টাউন বড়দোয়ালি মণ্ডলের সভাপতি শ্যামল কুমার দেব-সহ বিজেপি ও মহিলা মোর্চার অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানের শেষে মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।








