তিন দফা দাবিতে জিবি হাসপাতালে কর্মবিরতি ও ধর্নায় রেসিডেন্ট ডাক্তাররা

প্রগতি ত্রিপুরা, ০৫ অক্টোবর, ২০২৬: আগরতলার জিবি হাসপাতালে এক রেসিডেন্ট চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে সোমবার কর্মবিরতি ও ধর্নায় বসেন রেসিডেন্ট ডাক্তারদের একাংশ। তিন দফা দাবিতে হাসপাতাল চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। আন্দোলনের খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব, পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার-সহ প্রশাসনের আধিকারিকরা হাসপাতালে পৌঁছান। পরে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন তাঁরা।

আলোচনায় উপস্থিত ছিলেন এজিএমসি-র অধ্যক্ষ, জিবি হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট-সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। বৈঠকের পর স্বাস্থ্য দপ্তরের সচিব সাজু ওয়াহিদ জানান, জিবি হাসপাতালের এক রেসিডেন্ট চিকিৎসককে ঘিরে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে এনসিসি থানায় মামলা দায়ের হয়েছে এবং সরকার ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছে।

তিনি জানান, ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। একইসঙ্গে সামাজিক মাধ্যমে চিকিৎসক বা স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেন স্বাস্থ্য দপ্তরের সচিব।

ভাইরাল হওয়া ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে সাইবার ক্রাইম বিভাগের উদ্যোগে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে জিবি হাসপাতালে সম্পূর্ণভাবে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয় বলে মন্তব্য করেন সাজু ওয়াহিদ। তাঁর মতে, মোবাইল ফোনের অপব্যবহার বন্ধ করা প্রয়োজন, তবে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা উচিত।

এদিকে, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, এভাবে আন্দোলনে যাওয়ার প্রয়োজন নেই। বিষয়টি নিয়ে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অভিযুক্ত বা সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী।

জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। তবে সিদ্ধান্তটি পুনরায় পর্যালোচনা করা হবে কি না, তা পরিস্থিতি বিবেচনা করে দেখা হবে বলেও জানান তিনি।

শেষ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব ও পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসে সোমবারের কর্মবিরতি ও ধর্না কর্মসূচি স্থগিত করে রেসিডেন্ট ডাক্তার অ্যাসোসিয়েশন। তবে দাবি পূরণ না হলে ভবিষ্যতে ফের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা।

এদিকে, চিকিৎসক সংগঠনের কর্মবিরতির জেরে হাসপাতালের পরিষেবা যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে বলে জানা গেছে।

Leave a Comment