গর্ভবতী মা ও শিশুদের হাতে পুষ্টিকর খাদ্যসামগ্রী, অঙ্গনওয়াড়ি পরিষেবা নিয়ে সচেতনতা

প্রগতি ত্রিপুরা , ০৩ অক্টোবর, ২০২৬: মা ও শিশুর পুষ্টি, সুস্বাস্থ্য এবং সঠিক পরিচর্যা সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে মাতাবাড়িতে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মসূচি। ‘সেবা থেকে দেশ সেবা’ এবং ‘২৫ বছর সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ত্রিপুরা মহিলা মোর্চার উদ্যোগে মাতাবাড়ি আইসিডিএস প্রজেক্টের ফুলকুমারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আয়োজন করা হয় ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মৌসুমী দাস, গোমতী জেলা বিজেপি সভানেত্রী সবিতা নাগ, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস এবং গোমতী জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক বিপ্লব ঘোষ-সহ অন্যান্যরা।

কর্মসূচিতে গর্ভবতী মায়েদের হাতে পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি ছয় মাস থেকে ছয় বছর বয়সি শিশুদের মধ্যেও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। তবে শুধু খাদ্য বিতরণেই কর্মসূচি সীমাবদ্ধ ছিল না। মা ও শিশুর দৈনন্দিন পুষ্টির চাহিদা, সুষম খাদ্যের গুরুত্ব এবং শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টির ভূমিকা নিয়েও সচেতন করা হয়।

এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে গর্ভবতী মা, প্রসূতি মা ও শিশুদের জন্য কী কী পরিষেবা প্রদান করা হয়, সে বিষয়েও উপস্থিতদের অবহিত করা হয়। শিশুর প্রাথমিক বিকাশ, নিয়মিত পরিচর্যা ও পুষ্টির গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ সমাজ গড়ে তুলতে সুস্থ মা ও শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থা থেকে শিশুর বেড়ে ওঠার প্রতিটি পর্যায়ে পুষ্টিকর খাদ্য, যথাযথ পরিচর্যা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে মা ও শিশুর কল্যাণমূলক পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে।

Leave a Comment