প্রগতি ত্রিপুরা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬: সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা শক্তিশালী করতে নতুন টাওয়ার স্থাপনসহ একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার আগরতলার কামান চৌমুহনীস্থিত বিএসএনএল কার্যালয়ে ত্রিপুরা স্টেট টেলিকম অ্যাডভাইজারি কমিটির দ্বিতীয় বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান তথা সাংসদ বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, কমিটির সদস্য ও বিএসএনএলের আধিকারিকরা।
বৈঠক শেষে বিপ্লব কুমার দেব জানান, পাহাড়ি ভূপ্রকৃতির কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক সমস্যা রয়েছে। সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন টাওয়ার স্থাপন করা হয়েছে। নেটওয়ার্ক সম্প্রসারণে বিদ্যমান কিছু বিধিনিষেধও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সীমান্ত এলাকায় ভারতীয় নেটওয়ার্ক দুর্বল থাকায় বিদেশি মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল পাওয়ার বিষয়টিও নিরাপত্তার দিক থেকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
এদিন বিএসএনএলের ৪জি পরিষেবার সম্প্রসারণ এবং ভবিষ্যতে ৫জি পরিষেবা চালুর প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। গ্রাহক পরিষেবা উন্নত করার পাশাপাশি প্রত্যন্ত এলাকায় নিরবচ্ছিন্ন টেলিকম পরিষেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।








