গণেশ পুজো দেখতে গিয়ে পথ দুর্ঘটনায় ৮ বছরের শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক, ২১ সেপ্টেম্বর, ২০২৬: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৮ বছরের এক শিশুর। মৃতের নাম তুষার মজুমদার। রবিবার রাত আনুমানিক ৯টা নাগাদ জোলাইবাড়ী ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, লতুয়া টিলা এলাকার বাসিন্দা সুশাঙ্কর মজুমদার স্ত্রী রেশমি রিয়াং মজুমদার ও ছেলে তুষারকে নিয়ে বাইকে করে গণেশ পুজো দেখতে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় আচমকাই বাইকের সামনে একটি কুকুর চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনজন।

খবর পেয়ে জোলাইবাড়ী দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে জোলাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তুষারের।

বর্তমানে তুষারের মা ও বাবা শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিষয়ে নিহতের বাবা কোনও মন্তব্য করতে চাননি। পরে তুষারের জেঠু শংকর মজুমদার সংবাদমাধ্যমকে দুর্ঘটনার বিবরণ দেন।

এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাইকটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। কে বা কারা বাইকটি সরিয়ে নিল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। দুর্ঘটনার প্রকৃত কারণ ও বাইক সরিয়ে নেওয়ার বিষয়টি তদন্তের পরই স্পষ্ট হবে।

Leave a Comment