ছনতৈল গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলের কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার অভিযোগ

অনলাইন ডেস্ক, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে! এবার, শাসক বিজেপি দলের পরিচালিত গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষদের সাথে সরাসরি প্রতারণা করার অভিযোগ প্রকাশ্যে এসেছে!! ঘটনা কৈলাসহরের ছনতৈল গ্রাম পঞ্চায়েতে।

উল্লেখ্য, কৈলাসহরের চন্ডীপুর ব্লকের অধীনস্হ তেরো আসন বিশিষ্ট বিজেপি দল পরিচালিত ছনতৈল গ্রাম পঞ্চায়েতে এগারো জন বিজেপি দলের পঞ্চায়েত সদস্য থাকলেও দুইজন পঞ্চায়েত সদস্য কংগ্রেস দলের রয়েছে। রকিব আলী এবং শাহিদা বেগম এই দুইজন ছনতৈল গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড থেকে কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। রকিব আলী অভিযোগ করেন যে, ছনতৈল গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড থেকে বিরোধী দলের পঞ্চায়েত সদস্য নির্বাচিত হওয়ায় এই দুই নং ওয়ার্ডের সাধারণ মানুষদের সরকারী বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এমনকি ন্যায্য পাওনা থেকেও বঞ্চিত করা হচ্ছে।

রকিব আলী তত্ত্ব প্রমান দিয়ে প্রকাশ্যেই জানান যে, সাম্প্রতিক কালে ছনতৈল গ্রাম পঞ্চায়েতের দুই, তিন এবং ছয় নং ওয়ার্ড এলাকায় রেগার শ্রমিকদের জন্য সাত দিনের কাজ এসেছে। সেই মোতাবেক, বিগত চারদিন ধরে এই তিনটি ওয়ার্ড এলাকায় রেগার শ্রমিকরা কাজ করছে। প্রতিদিনের মতো আজও সকালে দুই নং ওয়ার্ড এলাকার রেগা শ্রমিকরা কাজে আসার পর শ্রমিকদের জানানো হয় যে, আজ কাজ বন্ধ থাকবে।

এই কথা শোনার পর শ্রমিকরা দুই নং ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য রকিব আলীকে জানানোর পর রকিব আলী ঘটনাস্থলে এসে পঞ্চায়েত প্রধানকে ফোন করে কাজ বন্ধের ব্যাপারে জিজ্ঞেস করলে পঞ্চায়েত প্রধান জানায় যে, রেগার পোর্টালের সফটওয়্যার খারাপ হয়েছে বলে আজ কাজ বন্ধ থাকবে। কিন্তু পরবর্তী সময়ে রকিব আলী রেগার শ্রমিকদের নিয়ে পঞ্চায়েত অফিসে আসার সময় দেখতে পান দুই নং ওয়ার্ড এলাকায় রেগার কাজ বন্ধ রাখলেও পঞ্চায়েতের তিন এবং ছয় নং ওয়ার্ড এলাকায় রেগার কাজ চলছে।

পরবর্তী সময়ে জানতে পারেন যে, স্থানীয় বিজেপি দলের নেতা তথা দুই নং ওয়ার্ডের বিজেপি দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আতাহুর রহমানের কারসাজিতে রেগার কাজ বন্ধ রাখা হয়েছে। সম্পুর্ন অনৈতিক ভাবে এবং আইন বহির্ভূত ভাবে নিজের প্রভাব খাটিয়ে দুই নং ওয়ার্ড এলাকার ছয়জন রেগার শ্রমিকের স্বাক্ষর জাল করে এবং নিজের স্বাক্ষর দিয়ে মোট সাতজনের স্বাক্ষর দেখিয়ে ভুয়ো এক অভিযোগ পত্র পঞ্চায়েতে জমা দিয়েছে। সেই ভুয়ো অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানান রকিব আলী।

অথচ, বিজেপি নেতা আতাহুর রহমান যে ছয়জন শ্রমিকের স্বাক্ষর জাল করেছেন তারমধ্যে পাঁচজন শ্রমিক বিগত চারদিন ধরে সবার সাথে রেগার কাজ করে যাচ্ছে এবং আজও সবার সাথে কাজ করার জন্য কাজের স্থলে এসেছিলো। বাকী আরেকজনের যে স্বাক্ষরটি জাল করেছে সেই মানুষটির ছনতৈল গ্রাম পঞ্চায়েত এলাকায় তার রেশন কার্ড নেই এবং জব কার্ডও নেই। সকাল থেকে শ্রমিকরা দুপুর অব্দি পঞ্চায়েত অফিস প্রাংগনে অপেক্ষা করার পরও পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান কিংবা পঞ্চায়েত সচিবের সাক্ষাৎ পান নি।

দুপুর অব্দি এরা পঞ্চায়েত অফিসে আসেনি। আজ রাতের মধ্যে সমস্যার সমাধান না হলে আগামীকাল পঞ্চায়েত অফিস অনির্দিষ্টকালের জন্য তালাবন্ধী করে বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে জানান দুই নং ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য রকিব আলী। তবে, পঞ্চায়েত সদস্য রকিব আলীর আনা অভিযোগ গুলোর ভিত্তিতে পঞ্চায়েত কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান সহ পঞ্চায়েত সচিব সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকায় দুপুর একটা অব্দি উনারা পঞ্চায়েত অফিসে আসেন নি, যার ফলে উনাদের কোনো প্রতিক্রিয়া জানা যায় নি। পঞ্চায়েত সূত্রে এও জানা যায় যে, প্রধান, উপ প্রধান এবং পঞ্চায়েত সচিবরা যে সরকারি অনুষ্ঠানে রয়েছেন সেই অনুষ্ঠানটি শুক্রবার দিনভর চলবে।

Leave a Comment