অনলাইন ডেস্ক, ১১ সেপ্টেম্বর, ২০২৬: বিভিন্ন অভিযোগে অভিযুক্ত রাজ্য নির্বাচন কমিশনার ডঃ প্রদীপ কুমার চক্রবর্তীকে অবিলম্বে পদ থেকে অপসারণের জোরালো দাবি তুলল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। একই সঙ্গে রাজ্য পুলিশ প্রশাসনের ভিজিল্যান্স শাখার আধিকারিক অনিন্দ্য ভট্টাচার্যকেও সংশ্লিষ্ট দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়েছে। শুক্রবার আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই চাঞ্চল্যকর দাবি পেশ করেন প্রদেশ কংগ্রেসের প্রবক্তা প্রবীর চক্রবর্তী।
সাংবাদিক সম্মেলনে প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন যে, বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার ডঃ প্রদীপ কুমার চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের প্রসঙ্গও অন্তর্ভুক্ত। তাঁর মতে, যাঁর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ঝুলছে, তাঁকে নির্বাচনের মতো একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল রাখা হলে তার নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা পুরোপুরি ক্ষুণ্ন হবে। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের আস্থা রাজ্য নির্বাচন কমিশনের উপর থেকে উঠে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে কংগ্রেস।
শুধু নির্বাচন কমিশনার নন, এ দিন পুলিশ প্রশাসনের ভিজিল্যান্স শাখার আধিকারিক অনিন্দ্য ভট্টাচার্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে কংগ্রেস। প্রবীর চক্রবর্তীর দাবি, ওই আধিকারিকের বিরুদ্ধেও একাধিক অভিযোগ জমা পড়েছে। তাই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা নিশ্চিত করতে তাঁকেও অবিলম্বে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।
কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, কেবল মৌখিক দাবি জানিয়ে এই ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। অভিযুক্ত দুই আধিকারিককে সহজে সরকার পদচ্যুত করবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছে বিরোধী শিবির। এই প্রেক্ষাপটে দুই আধিকারিকের অপসারণের দাবিতে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার জন্য দলীয় কর্মী-সমর্থক এবং রাজ্যের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের প্রবক্তা।








