প্রগতি ত্রিপুরা, ১১ সেপ্টেম্বর, ২০২৬: আসন্ন বাৎসরিক পূজার প্রাক্কালে বিশালগড় এলাকার রাউৎখলা শিব কালী মন্দিরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছ। গত গভীর রাতে একদল চোর মন্দিরের প্রণামী বাক্স ভেঙে সমস্ত নগদ অর্থ লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
বিশালগড় থানাধীন এলাকায় সম্প্রতি সাধারণ মানুষের বাড়িঘর থেকে শুরু করে মন্দির পর্যন্ত কোনো কিছুই চোরের হাত থেকে নিরাপদ নয়। এই ঘটনার জেরে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় সাধারণ জনগণ। মন্দির কমিটির কর্মকর্তাদের অভিযোগ, মন্দির চুরির ঘটনায় পুলিশ প্রশাসনকে অবগত করা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি বা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকাবাসীর মতে, রাতের আঁধারে পর্যাপ্ত পুলিশি টহলদারি না থাকার কারণেই বিশালগড় জুড়ে চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়েই অপরাধীরা এমন ঘটনা ঘটাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। এমনকি এই ঘটনার পেছনে পুলিশের একাংশের মদত বা যোগসাজশ থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন একাংশ সাধারণ মানুষ।
পরবর্তীতে বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে মন্দিরে ঘটিত এই চুরির সমস্ত বিবরণ তুলে ধরেন মন্দির কমিটির কর্মকর্তারা। অবিলম্বে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারসহ নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।







