প্রগতি ত্রিপুরা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬: সামনেই রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির তৎপরতা তুঙ্গে উঠেছে। ভিলেজ কাউন্সিলের মসনদ দখলের লড়াইয়ে নিজেদের সাংগঠনিক শক্তি মেলে ধরতে মাঠে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই দৌড়ে পিছিয়ে নেই রাজ্যের শাসকদল বিজেপিও। বিজেপি, আইপিএফটি ও তিপ্রা মথা—এই তিন দলের সমন্বয়ে গঠিত এনডিএ জোটও নির্বাচনী প্রচার ও সাংগঠনিক কার্যক্রমে জোর দিয়েছে। এরই মধ্যে তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় তিপ্রামথার সঙ্গে জোটে থেকেই নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার তেলিয়ামুড়া আর.ডি ব্লকে বিজেপির মনোনীত ১০টি কেন্দ্রের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এদিন মনোনয়ন জমাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে বিধায়িকা কল্যাণী সাহা রায়ের নেতৃত্বে আয়োজন করা হয় এক সুসজ্জিত মিছিলের। দলীয় পতাকা ও কর্মী-সমর্থকদের উপস্থিতিতে জমকালো র্যালির মধ্য দিয়ে মনোনীত প্রার্থীরা তেলিয়ামুড়া আর.ডি ব্লকে পৌঁছে একে একে মনোনয়নপত্র জমা দেন। এই কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্বাচনী ময়দানে নিজেদের শক্তি প্রদর্শনের পাশাপাশি সংগঠনকে আরও মজবুত করার বার্তাও দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, মণ্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায় সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। ভিলেজ কাউন্সিল নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই তেলিয়ামুড়াসহ গোটা অঞ্চলে চড়ছে রাজনৈতিক পারদ।








