প্রগতি ত্রিপুরা, ৬ সেপ্টেম্বর, ২০২৬: কাঠে কড়া নাড়ছে মা দুর্গার আগমনী বার্তা। স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাত ধরে প্রস্তুতির সূচনা লগ্নেই কুমারঘাটের অন্যতম অগ্রণী পূজা আয়োজক ‘ইয়থ ক্লাব’-এর প্রাঙ্গণে সাড়ম্বরে সম্পন্ন হলো খুঁটি পূজা।
ররিবারের এই আয়োজনের মধ্য দিয়েই কুমারঘাটে কার্যত শুরু হয়ে গেল দুর্গাপূজার কাউন্টডাউন।
সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে ক্লাবের সম্পাদক কাজল দাস, পূজা কমিটির সম্পাদক স্বরূপ মিত্র তালুকদার, সভাপতি হরিপদ দেব এবং কোষাধ্যক্ষ সজল সিনহা জানান, এবার ২৫ জনকে নিয়ে গঠিত হয়েছে পূজা কমিটি।
নতুন বছরের এই আয়োজনে তাঁদের ৪৮তম বর্ষের মূল নিবেদন ‘কাশী বিশ্বনাথ’।বাএই বিশাল কর্মযজ্ঞকে বাস্তবে রূপ দিতে প্রাথমিক বাজেট ধরা হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। দর্শনার্থীদের অভিজ্ঞতা স্মরণীয় করে তুলতে থিম অনুযায়ী মণ্ডপের আলোকসজ্জায় চমক থাকছে আগরতলার শিল্পীদের।
অন্যদিকে প্রতিমা রূপায়ণে নবদ্বীপ থেকে আসছেন বিশিষ্ট শিল্পী। সেই সঙ্গে ফটিকরায় রাজ নগরের হিমাংশু রুদ্র পালের শিল্পকর্মও মণ্ডপে বাড়তি মাত্রা যোগ করবে।
খুঁটি পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকার মানুষের মধ্যে প্রস্তুতি পর্বের উন্মাদনা আর আগমনীর আনন্দ ছড়িয়ে পড়েছে।








