প্রগতি ত্রিপুরা, ৬ সেপ্টেম্বর, ২০২৬: আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন। এই সম্মেলনের প্রস্তুতি হিসাবে সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রবিবার দুপুর বারোটায় সিপিআইএম উপ্তাখালি অঞ্চল অফিসে আয়োজিত এই মানবিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ।মহতি এই রক্তদান শিবিরে নেতৃত্ব ও স্থানীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সমীরণ দাস ও নিরঞ্জন দেবনাথ।
এছাড়া উপস্থিত ছিলেন চা শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি মাখন লাল পাল এবং উপ্তাখালি অঞ্চল সম্পাদক উজ্জ্বলা দাস সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।
ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসক অনিমেষ সাহা ও ব্লাড ব্যাংকের কর্মী-টেকনিশিয়ানদের প্রত্যক্ষ সহযোগিতায় পুরো রক্তদান প্রক্রিয়াটি সুচারুভাবে সম্পন্ন হয়।
এদিনের এই বিশেষ শিবিরে মোট একুশ জন রক্তদাতা উৎসাহে স্বেচ্ছায় রক্তদান করেন। চা শ্রমিক ইউনিয়নের আসন্ন রাজ্য সম্মেলনকে সামনে রেখে আয়োজিত এই রক্তদান কর্মসূচি এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।








