কৃষকদের দাবি ও সংকটকে হাতিয়ার করে ১ সেপ্টেম্বর থেকে আগরতলায় সারা ভারত কৃষক সভার রাজ্য সম্মেলন

প্রগতি ত্রিপুরা, ২৯ আগস্ট, ২০২৬: কৃষকদের সমস্যা সমাধান, অধিকার আদায় এবং আগামী দিনের আন্দোলন কর্মসূচি রূপায়ণের লক্ষ্য নিয়ে আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সারা ভারত কৃষক সভা’র রাজ্য সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে আগামী ১ সেপ্টেম্বর আগরতলার আস্তাবল ময়দানে এক প্রকাশ্য সমাবেশের আহ্বান জানানো হয়েছে। শনিবার কৃষক ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি অঘোর দেববর্মা, সম্পাদক পবিত্র কর এবং সহ-সম্পাদক রতন দাস বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সাংবাদিক সম্মেলনে নেতৃত্বরা জানান, এই সম্মেলনকে ঘিরে জোরকদমে প্রস্তুতি চালানো হচ্ছে। সম্মেলনে রাজ্য ও দেশের বর্তমান কৃষি পরিস্থিতি, কৃষকদের নানা সমস্যা এবং প্রাসঙ্গিক রাজনৈতিক বিষয়গুলি গুরুত্ব সহকারে আলোচিত হবে। কৃষকদের দাবিদাওয়া সামনে রেখে সংগঠনকে পুনর্গঠিত ও শক্তিশালী করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

কৃষক সভার নেতৃবৃন্দ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর কৃষি ও কৃষকদের স্বার্থে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা অধরাই রয়ে গেছে। দেশে এখনও কৃষকদের দুর্দশা কমেনি। ফলে কৃষকদের দুঃখ-দুর্দশা নিরসনে ও কৃষক আত্মহত্যা বন্ধ করতে একটি স্থায়ী ও কার্যকরী ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তবে পাশাপাশি নেতৃবৃন্দ উল্লেখ করেন, দেশের সার্বিক অর্থনীতিতে কৃষিক্ষেত্র বরাবরই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কৃষি ও আনুষঙ্গিক খাতগুলিতে ইতিমধ্যে বেশ কিছু সাফল্য এসেছে; যেমন মাছ, দুধ ও অন্যান্য দুগ্ধজাত সামগ্রীর উৎপাদন বৃদ্ধ পেয়েছে। এর সাথে সাথে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে ওঠায় কৃষকদের আর্থিক উন্নতির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও প্রসারিত হচ্ছে।

সম্মেলন আয়োজকরা জানান, আগামী দিনে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি করা, কৃষকদের যথোপযুক্ত সহায়তা দেওয়া এবং তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। সরকারের তরফ থেকে কৃষকদের আয় বাড়ানো এবং কৃষিক্ষেত্রকে শক্তিশালী করতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হবে এই তিন দিনব্যাপী সম্মেলন থেকে।

Leave a Comment