এসএফআই-এর উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির এবং রাখীবন্ধন উৎসব।

প্রগতি ত্রিপুরা, ২৯ আগস্ট, ২০২৬: এস এফ আই এবং ডি ওয়াই এফ ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে খাদ্য আন্দোলনের শহীদ দীলিপ তরুণ অরবিন্দ এবং যুব নেতা রাজ্যেশ্বর সুমিত্রা সিনহার শহিদান দিবস উপলক্ষে সি পি আই এম ডুকলি মহকুমা কার্যালয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়।

এখানে 21 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, এস এফ আই রাজ্য সম্পাদক সৃজন দেব, রাজ্য সভাপতি প্রীতম শীল, ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক পরিতোষ দেবনাথ, সভাপতি পঙ্কজ সরকার, রাজ্য নেতৃত্ব বিশাল চক্রবর্তী প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী ছাত্র-ছাত্রীদের এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
তিনি বলেন, রক্তদানকে মহৎ দান বলা হলেও, বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে যুব সমাজের দিশাহীনতা কাটিয়ে সঠিক পথ দেখানোই আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

দেশের নানা প্রতিকূলতার কারণে যুব সমাজের একটি বিশাল অংশ নেশা ও অসামাজিক কার্যকলাপের দিকে ধাবিত হচ্ছে। এ হেন পরিস্থিতিতে স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের আদর্শে যুব সমাজকে উদ্বুদ্ধ করা এবং তাদের মধ্যে মানবিকতা ও সুস্বাস্থ্য সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি।

রাজ্যের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির সমালোচনা করে তিনি উল্লেখ করেন, যেখানে জাতীয় পতাকা উত্তোলন বা জাতীয় সংগীত গাওয়ার মতো ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়, সেখানে এই ধরনের কর্মসূচির গুরুত্ব অপরিসীম। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রতিকূলতা সাময়িক। প্রতিকূলতাকে অতিক্রম করে ছাত্র সমাজ আগামী দিনে সমাজকে সঠিক নেতৃত্ব দেবে এবং এক ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

শিবিরে অংশগ্রহণকারী সমস্ত রক্তদাতাদের সুস্বাস্থ্য কামনা করে তিনি এসএফআই-এর এই আন্দোলন ও সামাজিক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

Leave a Comment