ত্রিপুরায় আন্দোলন ও নির্বাচনের রূপরেখা তৈরিতে বৈঠকে সিপিআই(এম)

প্রগতি ত্রিপুরা, ২৬ আগস্ট, ২০২৬: ত্রিপুরায় আগামী দিনের রাজনৈতিক রণকৌশল নির্ধারণ এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও ধারালো করতে দু’দিনের গুরুত্বপূর্ণ রাজ্য কমিটির বৈঠকে বসেছে সিপিআই(এম)। বুধবার আগরতলার মেলার মাঠ সংলগ্ন দলীয় রাজ্য কার্যালয় দশরথ দেব ভবনের মিলনায়তনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্বসহ শীর্ষসারির স্থানীয় নেতারা।

দলের সর্বভারতীয় নেতৃত্ব এম এ বেবি, রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং রাজ্য কমিটির অন্যান্য শীর্ষ নেতারা এই বৈঠকে অংশ নিয়েছেন। নিয়মিত ব্যবধানে অনুষ্ঠিত এই বৈঠকে মূলত বিগত দেড় মাসের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির সামগ্রিক মূল্যায়ন করা হচ্ছে।

বৈঠক শুরু হওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান, গত ১০ আগস্ট অনুষ্ঠিত বামপন্থী গণসংগঠনগুলির ‘জেল ভরো’ কর্মসূচির সাফল্য ও ত্রুটি-বিচ্যুতিগুলো এই বৈঠকে বিশ্লেষণ করা হবে। কর্মসূচির জনসমর্থন এবং সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

একই সাথে সামনে থাকা একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়কে কেন্দ্র করে দলীয় কৌশল সাজানো হচ্ছে ভিলেজ কমিটি এবং পুর নির্বাচনের জন্য সাংগঠনিক প্রস্তুতি তৈরি। আগামী অধিবেশনে রাজ্য সরকারের জনবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরিকল্পনা। সাধারণ মানুষের দৈনিক অর্থনৈতিক সংকট ও স্থানীয় জনস্বার্থের নানা ইস্যুকে সামনে রেখে আন্দোলনের পরিধি বাড়ানো।

ত্রিপুরার স্থানীয় পরিস্থিতির পাশাপাশি জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। দলের সর্বভারতীয় নেতা এম এ বেবি সারা দেশের রাজনৈতিক গতিপ্রকৃতি ও গণআন্দোলন নিয়ে সদস্যদের সাথে মতবিনিময় করবেন। জাতীয় ও রাজ্য—উভয় স্তরের রাজনৈতিক বাস্তবতাকে কাজে লাগিয়ে তৃণমূল স্তরে সংগঠন শক্তিশালী করাই সিপিআই(এম)-এর প্রধান লক্ষ্য। আসন্ন পঞ্চায়েত-পুর নির্বাচন ও বিধানসভা অধিবেশনের মুখে সিপিআই(এম)-এর এই দুই দিনের সিদ্ধান্ত ত্রিপুরা রাজ্যের আগামী দিনের রাজনীতিতে অত্যন্ত তাত্পর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment