পিএফ অফিসের সামনে ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির গণধর্না ও ডেপুটেশন

প্রগতি ত্রিপুরা, ২৫ আগস্ট, ২০২৬: সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বকেয়া টাকা মেটানো নিয়ে চরম অনিয়ম ও গোপনীয়তার অভিযোগ তুলে সরব হলো ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটি। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দুপুরে রাজধানীর ভোলাগিরি এলাকায় জমায়েত হয়ে এক গণধর্না ও গণ-ডেপুটেশন কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।

আন্দোলনকারীদের পক্ষে ধনমনি সিং অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশে জুটমিলের শ্রমিক, কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও তা নিয়ম মেনে করা হচ্ছে না। জুটমিল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তর কোনো স্পষ্ট তালিকা প্রকাশ না করে গোপনে এই বকেয়া টাকা প্রদান করছে।

তিনি জানান, ত্রিপুরা জুটমিল কর্তৃপক্ষ আদালতে হলফনামা দাখিল করার পর ‘ফাস্ট কাম ফাস্ট সার্ভ’ (আগে আসলে আগে পাবেন) পদ্ধতি অনুসরণ করে পেমেন্ট শুরু করেছে। মোট ১৬৩৭ জন প্রাপকের মধ্যে প্রায় ৯০ শতাংশের অর্থ ইতোমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হলেও, এরিয়ার প্রাপ্য প্রাপকদের কোনো পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তালিকা এখনো সর্বসমক্ষে আনা হয়নি।

অনতিবিলম্বে বকেয়া প্রাপকদের সম্পূর্ণ তালিকা জনসমক্ষে প্রকাশ করার জোর দাবি জানিয়ে আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড (পিএফ) অফিসের সামনে গণধর্নায় বসেন আন্দোলনকারীরা। ধর্না শেষে পিএফ কমিশনারের নিকট এক গণ-ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বকেয়া প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা না আনা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী