প্রগতি ত্রিপুরা, ২৪ আগস্ট, ২০২৬: নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হওয়া আট বছরের এক শিশুর মর্মান্তিক পরিণতি ঘটল। নিখোঁজের ২৪ ঘণ্টা পর নদী থেকে উদ্ধার করা হলো শিশুটির নিথর দেহ। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে নবীনগর মুক্তর হোসেন পাড়া এলাকায়। মৃত শিশুর নাম আজমীর হোসেন (৮)।
রবিবার দুপুরে নবীনগর মুক্তর হোসেন পাড়া সংলগ্ন নদীতে খেলতে গিয়েছিল ছোট্ট আজমীর। খেলার ছলে অসাবধানতাবশত সে হঠাৎ নদীর প্রবল স্রোতে তলিয়ে যায়।
দীর্ঘ তল্লাশি অভিযান: ঘটনার পরপরই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস এবং এনডিআরএফ (NDRF)-এর উদ্ধারকারী দলকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবুরিরা যৌথভাবে নদী জুড়ে অনুসন্ধান চালায়। তবে বহু ঘণ্টার টানা চেষ্টার পরও রবিবার রাতে শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।
দেহ উদ্ধার ও শোকপ্রকাশ: সোমবার দুপুরে দুর্ঘটনাস্থলের কিছুটা দূরে নদী থেকে শিশুটির নিথর দেহ ভেসে উঠতে দেখেন উদ্ধারকারীরা। সাথে সাথে তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। তিনি হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়া শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেন।








