প্রগতি ত্রিপুরা,১৭ আগস্ট, ২০২৬: জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের শক্তি, দক্ষতা ও আত্মবিশ্বাসের লড়াইয়ে উৎসবের আবহে অনুষ্ঠিত হলো পশ্চিম জেলা পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। কৃষ্ণনগর সুপারি বাগানের দশরথ দেব স্মৃতি ভবনে রবিবার দিনভর চলে এই প্রতিযোগিতা। বিভিন্ন ওজন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের সেরাটা তুলে ধরেন প্রতিযোগীরা।
সকালে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়, ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব স্বপন সাহা, রাজ্য সংস্থার সচিব নারায়ণ দেবনাথ এবং ত্রিপুরা ভারোত্তোলন সংস্থার সচিব দুলাল কর্মকার। বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বদের উপস্থিতিতে প্রতিযোগীদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায়।
জুনিয়র পুরুষ বিভাগে ৫২ কেজিতে রোহিত দেবনাথ, ৫৯ কেজিতে অভিজিৎ দে, ৬৬ কেজিতে রূপক দেব, ৭৪ কেজিতে জয় পাল, ৮৩ কেজিতে সম্রাট শাহ, ৯৩ কেজিতে অঙ্কন দে এবং ৯৩ কেজির ঊর্ধ্ব বিভাগে সন্দীপ দত্ত প্রথম স্থান অর্জন করেন।
সিনিয়র পুরুষ বিভাগে ৫৯ কেজিতে রজত কুমার দাস, ৬৬ কেজিতে অনীশ চক্রবর্তী, ৭৪ কেজিতে অমরজিৎ দাস, ৮৩ কেজিতে গোপাল বণিক এবং ৯৩ কেজিতে রোহিত ভৌমিক সেরা হন।
মহিলা ও বালিকা বিভাগেও ছিল জমজমাট লড়াই। সাব-জুনিয়র বালিকা বিভাগে ৪৩ কেজিতে সিমরন আক্তার, ৫২ কেজিতে বৃষ্টি উড়াই এবং ৫২ কেজির ঊর্ধ্ব বিভাগে প্রিয়াঙ্কা ঘোষ প্রথম হন। জুনিয়র বালিকা বিভাগে ৫৭ কেজিতে উর্বশী সাহা সাফল্য পান। সিনিয়র মহিলা বিভাগে ৬২ কেজিতে সুরভী কর এবং ৬৯ কেজিতে তনুশ্রী পাল প্রথম স্থান দখল করেন।
বালক বিভাগে ৫৩ কেজিতে রাহুল দেবনাথ, ৫৯ কেজিতে দেবরাজ দেববর্মা, ৬৬ কেজিতে সুদীপ্ত দাস এবং অপর ৬৬ কেজি বিভাগে রানেল দাস প্রথম হন।
তবে প্রতিযোগিতার মূল আকর্ষণ হয়ে ওঠেন সিনিয়র পুরুষ বিভাগের অমরজিৎ দাস। বিভিন্ন বিভাগে শক্তি ও দক্ষতার নজরকাড়া প্রদর্শনের পর সামগ্রিক বিচারে অমরজিৎ দাসের হাতে ওঠে ‘Overall Strong Man of West District’-এর সম্মান।
প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রাজ্য সংস্থার প্রাক্তন ও বর্তমান সিনিয়র খেলোয়াড়দের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
আয়োজকদের মতে, জেলার তরুণ প্রজন্মের মধ্যে পাওয়ার লিফটিংয়ের প্রতি আগ্রহ তৈরি এবং নতুন প্রতিভা তুলে আনতে এই ধরনের প্রতিযোগিতা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








