প্রগতি ত্রিপুরা, ১৪ আগস্ট, ২০২৬: শান্তিরবাজার: ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ ও শক্তিশালী ভারত গড়ার বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে শান্তিরবাজারে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র্যালি। শান্তিরবাজার মহকুমা প্রশাসন এবং বগাফা ব্লকের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে এলাকায় তৈরি হয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
এই র্যালি বগাফা ব্লক প্রাংকর থেকে শুরু হয়ে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জলপথ পরিক্রমণ করে অবশেষে মহকুমা শাসক কার্যালয় এসে শেষ হয়। সুসজ্জিত জাতীয় পতাকা হাতে প্রায় চারশোটি বাইক নিয়ে এই র্যালিতে অংশ নেন বিভিন্ন স্তরের মানুষ। র্যালির মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা, জাতীয় ঐক্য, সম্প্রীতি এবং উন্নয়নের বার্তা তুলে ধরা হয়। বাইকারদের হাতে উড়তে থাকা তেরঙ্গা এবং দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে শান্তিরবাজারের বিভিন্ন পথ।
জাতীয় পতাকা নেড়ে তিরঙ্গা বাইক র্যালির শুভ সূচনা করেন ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। এই ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক তরুণ কান্তি সরকার, বগাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল, পৌর পরিষদের চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী সুজন সরকার এবং বিশিষ্ট সমাজসেবী আলমগীর হোসেন সহ প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ। আজকের এই বাইক র্যালিকে কেন্দ্র করে উপস্থিত লোকজনের মধ্যে দেশমাতৃকার চিন্তা চেতনা লক্ষ্য করা গেল।








