প্রগতি ত্রিপুরা, ১২ আগস্ট, ২০২৬: অতিরিক্ত ও অস্বাভাবিক বিদ্যুৎ বিল প্রত্যাহার সহ ৫ দফা দাবিতে সরব হল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI। সংগঠনের জোলাইবাড়ি অঞ্চল কমিটির এক প্রতিনিধি দল মঙ্গলবার জোলাইবাড়ি বিদ্যুৎ উপ-বিভাগের সিনিয়র ম্যানেজারের কাছে স্মারকলিপি প্রদান করেন।DYFI-র পক্ষ থেকে জানানো হয়, গত কয়েক মাস ধরে জোলাইবাড়ি ও সংলগ্ন এলাকার গ্রাহকরা অস্বাভাবিক বিদ্যুৎ বিলের সম্মুখীন হচ্ছেন।
নতুন স্মার্ট মিটার বসানোর পর মিটারে টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং ফিক্সড চার্জ, মিটার রেন্টের নামে অতিরিক্ত বোঝা চাপানো হচ্ছে। এতে সাধারণ মানুষ, কৃষক ও দিনমজুররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের জোলাইবাড়ি অঞ্চল কমিটির সভাপতি নিশান মজুমদার। স্মারকলিপি দেওয়ার পর তিনি সংবাদমাধ্যমকে বলেন, “বিদ্যুৎ কোনো বিলাসিতা নয়।
কৃষকদের সেচের জল, ছাত্র-যুবদের লেখাপড়া সহ সার্বিকভাবে জনজীবন সচল রাখতে বিদ্যুতের গুরুত্ব অপরিসীম। কিন্তু বর্তমানে বিদ্যুৎ বিল এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।”নিশান মজুমদার আরও জানান, জোলাইবাড়িবাসীর স্বার্থে তাদের উত্থাপিত দাবিগুলি যথার্থ বলে সিনিয়র ম্যানেজার স্বীকার করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।








