প্রগতি ত্রিপুরা, ৮ আগস্ট, ২০২৬: প্রতিনিধি, উদয়পুর:বিদ্যুৎ মাশুলের অন্যায্য বৃদ্ধি ও জোরপূর্বক স্মার্ট মিটার চাপিয়ে দেওয়ার প্রতিবাদে রাজপথে নামল গোমতী জেলা যুব কংগ্রেস। রাজ্যের সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অসন্তোষকে কেন্দ্র করে এবার সরাসরি বিদ্যুৎ দপ্তরের দরজায় কড়া নাড়ল এই যুব সংগঠন। শনিবার ৩১ রাধাকিশোরপুর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (TSECL)-এর বন্ধুয়ারস্থ ইলেকট্রিক্যাল উদয়পুর ডিভিশন কার্যালয়ে এক প্রতিবাদী ডেপুটেশন প্রদান করা হয়।
সংগঠনের নেতৃত্বের অভিযোগ, ত্রিপুরায় পালাটানার মতো বড় বিদ্যুৎ প্রকল্প থাকা সত্ত্বেও বর্তমান সময়ে বিদ্যুতের মাশুল যেভাবে দ্বিগুণ-তিনগুণ করা হয়েছে, তা সম্পূর্ণ অনভিপ্রেত। যুব কংগ্রেসের দাবি, যে সাধারণ পরিবারগুলোর বিদ্যুৎ বিল গত এক দশক ধরে ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল, কোনো নতুন সরঞ্জাম ব্যবহার না করা সত্ত্বেও বর্তমানে তাদের বিল অস্বাভাবিকভাবে বেড়ে ১৫০০ থেকে ২০০০ টাকায় গিয়ে ঠেকেছে। বিলের এই আকস্মিক ও অযৌক্তিক বৃদ্ধির স্পষ্ট জবাব রাজ্যবাসীর কাছে দাবি করেছে তারা।
পাশাপাশি স্মার্ট মিটার বসানো নিয়ে গ্রাহকদের ওপর তৈরি হওয়া চাপ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। সংগঠনের প্রতিনিধিরা জানান, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশিকা অনুযায়ী স্মার্ট মিটার বসানোর বিষয়টি ঐচ্ছিক হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের ওপর তা জোরপূর্বক চাপিয়ে দিয়ে এক প্রকার অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করা হচ্ছে। উপরন্তু, প্রিপেইড কার্ড রিচার্জের প্রক্রিয়ায় গ্রাহকদের পদে পদে চরম হয়রানির শিকার হতে হচ্ছে।
এদিন গোমতী জেলা যুব কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ দাস, ৩১ রাধাকিশোরপুর ব্লক যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ ব্যানার্জি ও সাধারণ সম্পাদক প্রীতম বৈদ্যানসহ পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM) আনন্দ সরকারের হাতে তাঁদের দাবিপত্র তুলে দেন।যুব কংগ্রেসের পেশ করা ৬ দফা মূল দাবিগুলি হলো:অবিলম্ব বিদ্যুৎ বিলের মাশুল ও মিটারের অতিরিক্ত চার্জ হ্রাস করা।জোরপূর্বক বসানো স্মার্ট মিটার প্রক্রিয়া অবিলম্বে বাতিল করা।প্রিপেইড রিচার্জের মাধ্যমে সাধারণ গ্রাহকদের ডিজিটাল হয়রানি বন্ধ করা।TSECL-এর বকেয়া মিটিয়ে দেওয়া ও শূন্য পদে দ্রত কর্মী নিয়োগ করা।ডেপুটেশন প্রদান শেষে যুব নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় জানান, সাধারণ খেটে খাওয়া মানুষের স্বার্থে যদি এই দাবিগুলো দ্রুত মেনে নেওয়া না হয়, তবে আগামী দিনে পুরো জেলা জুড়ে আরও বড় ধরনের গণআন্দোলনের পথ বেছে নেওয়া হবে।








