দাবি পূরণের অমীমাংসিত বৈঠক: ১৩ আগস্ট থেকে ত্রিপুরায় অনির্দিষ্টকালের রেল ও জাতীয় সড়ক অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরি সংগঠনের
প্রগতি ত্রিপুরা, ৫ অগাস্ট,২০২৬: স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। বকেয়া দাবি-দাওয়া পূরণের দাবিতে আগামী ১৩ আগস্ট থেকে রাজ্যে অনির্দিষ্টকালের জন্য রেল ও জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত ঘোষণা করেছে আত্মসমর্পণকারী বৈরিদের যৌথ সংগঠন JARC ও JAC।
বুধবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উভয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আহ্বানে সাড়া দিয়ে তারা একসময় অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। তবে তাদের অভিযোগ, পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে উপযুক্ত আর্থিক প্যাকেজ বা প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি। ৯ দফা দাবি আদায়ে তারা দীর্ঘদিন ধরে সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন।
উল্লেখ্য, নিজেদের দাবি আদায়ে গত ২৪ জুন-ও সংগঠনের পক্ষ থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। সে সময় প্রশাসনের হস্তক্ষেপে ও পর্যালোচনার আশ্বাস পেয়ে তারা আন্দোলন স্থগিত রাখেন। তবে পরবর্তী সময়ে রাজ্য সরকারের উচ্চপর্যায়ের আধিকারিকদের সাথে দফায় দফায় বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান সূত্র বের হয়নি।
১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকাল, জাতীয় সড়ক অবরোধ: চম্পকনগরের সাধুচন্দ্র পাড়া, ভৃগুদাস পাড়া এলাকা বুধবার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর উপস্থিতিতে যৌথ সংগঠনের প্রতিনিধিদের সাথে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেখানেও দাবি পূরণের বিষয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসায় বাধ্য হয়েই তারা পুনরায় অবরোধ কর্মসূচির পথ বেছে নিয়েছেন বলে নেতৃত্ব জানান। স্বাধীনতা দিবসের ঠিক মুখে এই অবরোধের ঘোষণায় স্বাভাবিকভাবেই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।








