প্রগতি ত্রিপুরা, ১০ জুলাই, ২০২৬: টানা কয়েকদিনের ভারী বর্ষণে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায় বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। মনু ও দেও নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় মহকুমার একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে প্রশাসনের খোলা ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

কুমারঘাট মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের জন্য ১৭টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বর্তমানে এসব শিবিরে ২৮৭টি পরিবারের মোট ১৫০৯ জন মানুষ আশ্রয় নিয়েছেন। হালাইমুড়া, ইন্ডাস্ট্রি পাড়া, ইন্দিরা কলোনি, তারাপুর, তরণীনগর সহ বিভিন্ন এলাকায় বাড়িঘরে ঢুকে পড়েছে বন্যার জল। কোথাও কোথাও রাস্তাঘাটও জলের তলায় চলে গেছে।
বন্যার জেরে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, লাগাতার বৃষ্টির কারণে পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। অনেকেই রাতের অন্ধকারে গৃহপালিত পশুপাখি নিয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ত্রাণ শিবিরে পৌঁছেছেন।এদিকে পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে মহকুমা প্রশাসন। আধিকারিকরা বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখছেন।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না এলে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী দিনে বন্যা পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।








