উদয়পুর রেল স্টেশন থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপি থানার পুলিশ!

প্রগতি ত্রিপুরা, ০৫ জুলাই,২০২৬: প্রতিদিনের মতোই এদিনও স্টেশন চত্বরে সন্দেহভাজন ব্যাগ লক্ষ্য করে চেকিং চালাচ্ছিলেন পুলিশ কর্মীরা। সেই সময় প্ল্যাটফর্ম এলাকায় নজর কাড়ে তিনটি পরিত্যক্ত ব্যাগ। ব্যাগগুলিকে সন্দেহজনক মনে হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশ সেগুলি পরীক্ষা করে। তল্লাশি চালিয়ে দেখা যায়, ব্যাগগুলির ভিতরে প্রায় ১৫ কেজি গাঁজা মজুত রয়েছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঘিরে চাঞ্চল্য ছড়ায় স্টেশন এলাকায়।

ঘটনাস্থলে উপস্থিত কোনও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। অনুমান করা হচ্ছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতীরা আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি রাধাকিশোরপুর থানাকে জানানো হলে থানার পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার হওয়া গাঁজাগুলি জব্দ করে থানায় নিয়ে যায়। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাদকদ্রব্যগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গাঁজাগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কারা এই চক্রের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। স্টেশন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং দোষীদের চিহ্নিত করতে বিভিন্ন সূত্রে অনুসন্ধান চালানো হচ্ছে।

Leave a Comment