অনলাইন ডেস্ক, ৪ জুলাই, ২০২৬: শ্রীনগর থানা এলাকায় একের পর এক চুরির ঘটনায় বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস হোস্টেল এবং আনন্দনগর রামকৃষ্ণ আশ্রমে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার প্রায় ১৫ দিন পর ফের চুরির শিকার হল আনন্দনগর পাঁচ নম্বর পাড়ার একটি বাড়ি।
অভিযোগ, গতকাল গভীর রাতে স্কুলশিক্ষক বোপেশ দেবনাথের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিটি ঘটনার পর শ্রীনগর থানার পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার কিংবা অভিযুক্তদের গ্রেপ্তারে উল্লেখযোগ্য সাফল্য মেলেনি। ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
এছাড়াও অভিযোগ উঠেছে, রাতের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি রয়েছে। এলাকাবাসীর দাবি, রাতে মহিলা পুলিশ দিয়ে টহল চালানো হলেও থানার ওসি ও সেকেন্ড অফিসার রাত ১০টার পর নিজ নিজ বাড়িতে চলে যান। জরুরি প্রয়োজনে তাঁদের সঙ্গে যোগাযোগ করাও কঠিন হয়ে পড়ে বলে অভিযোগ।
তবে এসব অভিযোগের বিষয়ে শ্রীনগর থানার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।








