রাজ্য সফরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তব

প্রগতি ত্রিপুরা, ০৩ জুলাই, ২০২৬: ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তব ৩ দিনের রাজ্য সফরে গত ১ জুলাই আগরতলায় আসেন। তিনি উনকোটি জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলা এবং সিপাহীজলা জেলা সফর করেন। এই সফরের মূল উদ্দেশ্য হল জেলার স্বাস্থ্য পরিষেবা, জাতীয় স্বাস্থ্য কর্মসূচির বাস্তবায়ন এবং বিভিন্ন জনস্বাস্থ্য প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা। যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তব আজ ঊনকোটি জেলা সফর করেন। এদিন কৈলাশহরের সার্কিট হাউসে মীরা শ্রীবাস্তব ঊনকোটি জেলার জেলা শাসক মেথা জৈন এবং উনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বেঠক করেন। সফরকালে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব সহ প্রতিনিধি দল ঊনকোটি জেলার লাটিয়াপুর সাব সেন্টার এবং দেওরাছড়া সাব সেন্টার পরিদর্শন করেন। তিনি মা ও শিশুর স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ।

কর্মসূচি, জাতীয় স্বাস্থ্য মিশনের বিভিন্ন কর্মসূচির অগ্রগতি এবং ফিল্ড লেভেলে স্বাস্থ্যসেবার বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করেন। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করে জনস্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর, সহজলভ্য ও মানসম্মত করে তোলার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর সঙ্গে ছিলেন ন্যাশনাল হেলথ মিশনের সদস্য-সচিব ডা. সৌভিক দেববর্মা, আইডিএসপি’র স্টেট সার্ভেইলেন্স অফিসার ডা. অন্তরা বণিক, আরসিএইচ’র স্টেট প্রোগ্রাম অফিসার ডা. ইশিতা গুহ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র স্টেট মেডিক্যাল অফিসার ডা. রণদীপ সাহা।

গত ২ জুলাই ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তবের দক্ষিণ ত্রিপুরা জেলা সফর উপলক্ষে গত বুধবার এক উচ্চপর্যায়ের স্বাস্থ্য প্রতিনিধি দল জেলার বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা ও জাতীয় স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেন। বিলোনীয়ার জেলা শাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং অন্যান্য স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতিতে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার স্বাস্থ্য পরিষেবার বর্তমান অবস্থা, টিকাকরণ, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ এবং বিভিন্ন জাতীয় স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকের পরে প্রতিনিধি দল মাতাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন আমজাদনগর গ্রাম পঞ্চায়েতের বাশকাদুয়া আয়ুষ্মান আরোগ্য মন্দির পরিদর্শন করেন।

সেখানে স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীদের সঙ্গে কথা বলে টিকাকরণ সহ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার কাজ পর্যালোচনা করা হয়। এরপর প্রতিনিধি দল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করে সীমান্ত অঞ্চলের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে খোঁজ নেন। পরে বিলোনীয়া মহকুমা হাসপাতালে রোগী পরিষেবা, চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামো এবং বিভিন্ন সরকারি স্বাস্থ্য কর্মসূচির বাস্তবায়ণ পরিদর্শন করেন।
গত ২ জুলাই ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তবের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের স্বাস্থ্য প্রতিনিধি দল সিপাহীজলা জেলা সফর করে জেলার বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেন।

সফরকালে প্রতিনিধি দলকে সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা পরিবার কল্যাণ আধিকারিক, সোনামুড়া মহকুমা হাসপাতালের মহকুমা মেডিক্যাল অফিসার এবং কাঠালিয়া কমিউনিটি হেলথ সেন্টারের মেডিক্যাল অফিসার-ইন-চার্জ স্বাগত জানান। প্রতিনিধি দল বাশপুকুর সাব সেন্টার পরিদর্শন করেন। স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার বাস্তবায়ণ, টিকাকরণ কর্মসূচির অগ্রগতি, সহ বিভিন্ন জনস্বাস্থ্য বিষয়ক পর্যালোচনা করেন।

পরিদর্শনের সময় মীরা শ্রীবাস্তব জেলার স্বাস্থ্য আধিকারিক ও ফিল্ড লেভেলের স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা ও কাজের প্রশংসা করেন। এই সফরের মাধ্যমে জেলার স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, জাতীয় স্বাস্থ্য কর্মসূচির কার্যকর এবং সাধারণ জনগনের কাছে আরও উন্নত স্বাস্থ্যযেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। জাতীয় স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment