অনলাইন ডেস্ক, ১জুলাই, ২০২৬: মেলাঘরের জগন্নাথ বাড়ি প্রাঙ্গনে সিপাহীজলা জেলা প্রশাসন, মেলাঘর পুর পরিষদ এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে ১৫ থেকে ২৩ জুলাই অনুষ্ঠিত হবে ৯ দিনব্যাপী মেলা ও উৎসব। এই মেলা ও উৎসবকে সর্বাঙ্গীণ সাফল্যমন্ডিত করে তুলতে আজ মেলাঘর পুর পরিষদের সভাগৃহে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায়ের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমার মহকুমা শাসক রাজু দেব, মেলাঘর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন গুরুপদ রায়, বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ ঘোষ, মেলাঘর পুর পরিষদের কাউন্সিলর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। সভায় সিদ্ধান্ত হয়, ১৫ জুলাই ঐতিহ্যবাহী রথযাত্রা মেলা ও উৎসবের উদ্বোধন হবে বিকাল ৪ টায়। জগন্নাথ বাড়িস্থিত রবীন্দ্র মুক্ত মঞ্চে ১৫ থেকে ২৩ জুলাই ৯ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। এই অনুষ্ঠানগুলিতে সিপাহীজলা জেলা এবং রাজ্যের বিশিষ্ট শিল্পীগণ অংশগ্রহণ করবেন। সভায় সিদ্ধান্ত হয় নিরাপত্তা সুনিশ্চিত করতে মেলা প্রাঙ্গনে সি সি ক্যামেরা লাগানো হবে।
স্বাস্থ্যসম্মত ভাবে মেলায় খাদ্যদ্রব্য বিক্রির জন্য উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। মেলাকে ঘিরে মানুষের আনন্দ উপভোগে যাতে কোন প্রকার বাঁধা সৃষ্টি না হয় তার জন্য পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ করা হবে। ৯ দিনব্যাপী মেলাকে সাফল্যমন্ডিত করে তুলতে একটি কার্যকরি কমিটি এবং বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।








