অনলাইন ডেস্ক,২৩ জুন, ২০২৬: সুস্থ দেহ, মন গড়তে হলে অবশ্যই যুব সমাজকে খেলাধুলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবে। রাজ্য সরকারও রাজ্যের খেলোয়াড়দের জন্য উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। আজ এনএসআরসিসিতে তিনদিন ব্যাপী রাজ্যভিত্তিক বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। তিনি আরও বলেন, বর্তমানে অভিভাবকগণও খেলাধুলার গুরুত্ব সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল। তারাও চেষ্টা করেন যাতে তাদের ছেলেমেয়েরাও পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে।
স্বাভাবিক ভাবেই ছেলেমেয়েরা স্বতস্ফূর্তভাবে যেকোন কাজই নিষ্ঠা ও আগ্রহের সঙ্গে করে। আজকের এই ডিজিট্যাল যুগে ক্রীড়া ক্ষেত্রেও যুগান্তকারী পরিবর্তন এসেছে। এসম্পর্কে কোচ এবং খেলোয়াড়দেরও অবগত থাকতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মন কি বাত অনুষ্ঠানে প্রায়ই জাতীয় ও আন্তর্জাতিক স্তরের পদকপ্রাপ্ত কিংবা সফল ক্রীড়াবিদদের সাথে আলোচনা করেন। এর মূল উদ্দেশ্যই হল দেশের যুবসামাজকে খেলাধুলার প্রতি আরও বেশি করে আকৃষ্ট করা। মুখ্যমন্ত্রী বলেন, খেলোয়াড়দের যেকোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের সেরাটা দেওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত। এক্ষেত্রে হার বা জিত মুখ্য নয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই মুখ্য বিষয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর বিকাশে রাজ্য সরকারের সদর্থক দৃষ্টিভঙ্গী তুলে ধরেন। তিনি বলেন, পরিকাঠামো উন্নয়ন করলেই চলবে না, খেলোয়াড়দের মানসিক পরিবর্তনও করতে হবে। তিনি রাজ্যের বিভিন্ন মহকুমায় এরকম ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য গুরুত্ব আরোপ করেন। পশ্চিম ত্রিপুরা জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। যা আগামী ২৫ জুন পর্যন্ত চলবে। উত্তর ত্রিপুরা, ধলাই, খোয়াই, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী, দক্ষিণ ত্রিপুরা, ইকফাই বিশ্ববিদ্যালয় ও ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ৯টি এবং মেয়েদের ৭টি এবং ইয়ুথ বিভাগের ৭টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, ত্রিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় সাহা, সচিব সমীর দাস প্রমুখ। অনুষ্ঠানে ক্রীড়াবিদ ছাড়াও ক্রীড়া দপ্তরের আধিকরিকগণ উপস্থিত ছিলেন।








