প্রগতি ত্রিপুরা, ২১ জুন, ২০২৬: রাজধানীর ব্যস্ততম মন্ত্রী বাড়ি রোড এলাকায় এলাকায় দীর্ঘ বছর ধরে সরকারি জমি দখল করে ব্যবসা চালিয়ে আসছিলেন প্রায় অর্ধ শতাধিক ব্যবসায়ী। গত কয়েক মাস ধরে তাদের একাধিকবার আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে তাদের উচ্ছেদ হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা জমি ছাড়তে নারাজ ছিলেন। অবশেষে পুরোনো বেশ কয়েকটি দোকান ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। রবিবার সকাল থেকে এলাকাজুড়ে উচ্ছেদ ও ভাঙার কাজ চলতে দেখা যায়।
গত দুদিন আগে তাদের তিন দিনের সময়সীমা বেঁধে দেয়। তারপর তারা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। মুখ্যমন্ত্রী এবং মেয়র তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন বলে দাবি করে রবিবার সকাল থেকে দোকান ভাঙ্গার কাজে হাত লাগায়। তারা জানান এলাকায় ৫৩ জন ব্যবসায়ী রয়েছেন। দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করে আসছে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে তারা উচ্ছেদ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পুর নিগম সূত্রে জানা গেছে, আগরতলা শহরকে আরও আধুনিক, যানজটমুক্ত ও পরিকল্পিত নগরীতে রূপান্তরিত করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রী বাড়ি রোড এলাকায় রাস্তা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং সৌন্দর্যায়নের কাজের সুবিধার্থেই পুরনো দোকানগুলি অপসারণ করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষও এর সুফল পাবেন বলে আশা করা হচ্ছে। যেসব ব্যবসায়ী এই প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত হবেন তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।







