বিশালগড়ে দক্ষিণেশ্বরী কালীমন্দিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আর্থ-সামাজিক, সাংস্কৃতিক দিক দিয়েও আমাদের দেশ বৈভবশালী হচ্ছে

অনলাইন ডেস্ক, ১৭ জুন, ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একদিকে যেমন বিকাশের কর্মযজ্ঞ চলছে, তেমনি বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়ন সহ আর্থ-সামাজিক, সাংস্কৃতিক দিক দিয়েও আমাদের দেশ বৈভবশালী হচ্ছে। প্রধানমন্ত্রীর আদর্শে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে পাথেয় করে রাজ্যেও সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আর্থসামাজিক অবস্থার মানোন্নয়নের কাজ চলছে।

আজ বিশালগড় বাজার সংলগ্ন এলাকায় নবনির্মিত শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীমন্দিরের উদ্বোধন এবং বিশালগড় বাইপাস ট্রাইজংশনে দীনদয়াল উপাধ্যায়ের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী আজ দুপুরে প্রথমে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন।

এরপর তিনি দক্ষিণেশ্বরী কালীমন্দিরের উদ্বোধন করেন। মন্দির সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় শুধুমাত্র একজন রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন প্রখ্যাত লেখক দার্শনিক ও সমাজ সংস্কারক। তিনি যুব সমাজের কাছে উজ্জ্বল অনুপ্রেরণা। মুখ্যমন্ত্রী বলেন, দক্ষিণেশ্বরী কালীমন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটা বিশালগড়বাসীর দীর্ঘ প্রতীক্ষার ফসল।

আগামীদিনে এই মন্দিরকে কেন্দ্র করে পর্যটনের বিকাশ ঘটাতে রাজ্য সরকার উদ্যোগ নেবে। মুখ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে দেশবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। অন্যদিকে, ভারতবর্ষের ঐতিহ্য, পরম্পরা ও আধ্যাত্মিকতার বিকাশেও বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছেন।

মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বারাণসীতে বিশ্বের অন্যতম বৃহৎ জ্ঞানকেন্দ্র, কোয়াম্বাটুরে আদি যোগী শিব মন্দির, বারারণসীতে কাশী বিশ্বনাথ ধাম ও করিডোর, উজ্জয়নীতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মহাকালেশ্বর মন্দির, অযোধ্যায় রাম মন্দির, উত্তরাখন্ডে কেদারনাথ মন্দিরের পুনর্গঠন এবং আদি শংকরাচার্যের সমাধি ও মূর্তি স্থাপন প্রভৃতির কথা তুলে ধরেন। প্রসঙ্গক্রমে তিনি প্রসাদ প্রকল্পে রাজ্যের উদয়পুরে ত্রিপুরাসুন্দরী মন্দিরের সৌন্দর্যায়নের কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিধায়ক সুশান্ত দেব। তিনি জানান, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল, বিশালগড়বাসী এবং রাজ্য সরকারের সহযোগিতায় এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। বিধায়ক অন্তরা সরকার দেব, টি.আই.ডি.সি.-র চেয়ারম্যান নবাদল বণিক, বিশালগড় পুরপরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অতসী দাস, সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, বিশালগড় মহকুমার মহকুমা শাসক বিংকি সাহা, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বি.কে. সিন্থেয়া প্রমুখ।

Leave a Comment