প্রগতি ত্রিপুরা, ১৫ জুন, ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এর মাধ্যমে বিকশিত ভারত গড়ে তোলার কাজ করছেন। আজ মাতাবাড়ির কল্যাণসাগড় দিঘীর পাড়ে ধন্যমাণিক্য মুক্তমঞ্চে এবং তেপানিয়া ব্লক অফিস প্রাঙ্গণে আয়োজিত জনকল্যাণ শিবিরের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুচিন্তিত পরিকল্পনায় দেশের কোটি কোটি মানুষ বাসস্থান পেয়েছেন। প্রায় ৮০ কোটি মানুষ রেশনে ৫ কেজি করে চাল বিনামূল্যে পাচ্ছেন। বিনামূল্যে পানীয় জলের সংযোগ, বিদ্যুৎ এর সংযোগ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে রাজ্যে প্রায় ৫৬ হাজার স্বসহায়ক দলের মাধ্যমে প্রায় ৫ লক্ষ মহিলার রোজগারের পথ তৈরী হয়েছে।
ইতিমধ্যে ১ লক্ষ ১০ হাজার লাখপতি দিদি হয়েছেন। তিনি বলেন, ৩ দিনব্যাপী শিবিরে বিভিন্ন সরকারি স্টলের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা হবে। বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এই সুযোগ গ্রহণ করার জন্য অর্থমন্ত্রী সবার প্রতি আহ্বান জানান। আজ থেকে তিনদিনব্যাপী জনকল্যাণ শিবির তেপানিয়া ব্লক, কাকড়াবন ব্লক, কিল্লা ব্লক এবং মাতারবাড়ি ব্লকে শুরু হয়েছে।
উদয়পুর পুর পরিষদও জনকল্যাণ শিবিরের আয়োজন করেছে। ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানের আগে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। মৎস্য দপ্তরের উদ্যোগে ৫ জন মৎস্যচাষিকে কনিজাল দেওয়া হয়। ৪ জনকে আইস বক্স দেওয়া হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে বিদ্যালয়ের পোষাক বিতরণ করা হয়। শিবিরগুলিতে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, সহ সভাধিপতি সুজন কুমার সেন, বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন, ভাইস চেয়ারপার্সন এবং পদস্থ আধিকারিকগণ।







