জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রাপকদের সংবর্ধনা জানালেন রাজ্যপাল

প্রগতি ত্রিপুরা, ১১ জুন, ২০২৬: লোক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আজ সন্ধ্যায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু জাতীয় পঞ্চায়েত পুরস্কার ২০২৫ প্রাপকদের তৃণমূল স্তরে অসামান্য অবদানের জন্য সংবর্ধনা জানান। তিনি সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত এবং সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়ালকে সংবর্ধনা জানান। স্থানীয়স্তরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সিপাহীজলা জেলা সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত স্থানীয় সংস্থাগুলির মধ্যে কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত সেরা স্বাস্থ্যবান পঞ্চায়েত বিভাগে সারা দেশে প্রথম স্থান অধিকার করে। এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট ব্লকের বিডিও এবং পঞ্চায়েত প্রধানকে সংবর্ধনা জানানো হয়। হেজামারা বি.এ.সি.-র চেয়ারম্যান সুনীল দেববর্মা এবং ব্লকের বিডিওকেও সম্মানিত করা হয়। এই ব্লকের বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েত নারী বান্ধব পঞ্চায়েত বিভাগে দেশব্যাপী তৃতীয় স্থান অধিকার করেছে।

রাজ্যপাল আজ ত্রিপুরায় হাঁস ও পোল্ট্রি পালনকে উৎসাহিত করার লক্ষ্যে লোক ভবনে স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে হাঁসের বাচ্চা ও মোরগের ছানা বিতরণ কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে রাজ্যপাল আশা প্রকাশ করেন হাঁস মোরগ পালনের মধ্য দিয়ে স্বনির্ভর গোষ্ঠীগুলি আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হয়ে উঠবে।

অনুষ্ঠানে ইসলাম আলি ইনকিউবেশন ও ডিম ফোটানোর কৌশল নিয়ে আলোচনা করেন এবং ড. শর্মিষ্ঠা কর হাঁস পালন ও পোল্ট্রি পালনে উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে বক্তব্য রাখেন। রাজ্যপাল স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্যপালের সচিব ইউ.কে. চাকমা। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment