প্রগতি ত্রিপুরা, ১১ জুন, ২০২৬: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২৬-কে সামনে রেখে সাব্রুম নগর পঞ্চায়েতের উদ্যোগে বৃহস্পতিবার সাব্রুম ওল্ড টাউন হলে এক বিশাল সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। “আসুন আইন মেনে চলি এবং বর্জ্য পৃথকীকরণ করি—এক পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর ভবিষ্যতের লক্ষ্যে” এই মূল বার্তাকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক নাগরিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে। উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা শাসক সুমন রক্ষিত, ডিএসএম মনোজিৎ দেববর্মা, এস ডি পি ও দীপ্তনু বিশ্বাসসহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক সুমন রক্ষিত বর্জ্য পৃথকীকরণের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে প্রতিটি পরিবারকে জৈব ও অজৈব বর্জ্য আলাদা করে সংরক্ষণ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা শুধুমাত্র প্রশাসনের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের সামাজিক দায়বদ্ধতার অংশ। তিনি উপস্থিত জনসাধারণকে এবং ছাত্র-ছাত্রীদেরকে আইন মেনে চলার পাশাপাশি পরিচ্ছন্ন শহর গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান থেকে “আমাদের বর্জ্য, আমাদেরই দায়িত্ব” এবং “আমাদের শহর, আমাদের গর্ব” এই বার্তা ছড়িয়ে দেওয়া হয়। আয়োজকদের আশা, এই সচেতনতা কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।







